রাজধানী ঢাকাকে বাসযোগ্য করতে হলে অনির্বাচিত প্রতিনিধিদের হাত থেকে সিটি করপোরেশন উদ্ধার করতে হবে। কেন্দ্রীভূত না করে ঢাকাসহ স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে আরও বিকেন্দ্রীকরণ করতে হবে। কেন্দ্রীয় সরকারের সম্পদকেও ভাগ করে তুলে দিতে হবে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর হাতে। সবচেয়ে বেশি দরকার এসব প্রতিষ্ঠানের সুশাসন নিশ্চিত করা।
‘ঢাকা নিয়ে ঢাকাবাসীর বিকল্প উন্নয়ন ভাবনা’ বিষয়ে দিনব্যাপী কর্মশালা শেষে এক সভায় এসব কথা বলেন নগর বিশেষজ্ঞ, রাজনীতিবিদ, নাগরিক সমাজের প্রতিনিধিরা। গতকাল শনিবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে এই কর্মশালা ও সভার আয়োজন করে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) ঢাকা কমিটি।
আলোচকদের সবাই নগর ঢাকার পাহাড়প্রমাণ সমস্যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তাঁরা একে দূষণ, দখলের নগর বলে চিহ্নিত করেন। এই বিশাল নগরটিকে নিয়ে ভাবনার জন্য ভালো নেতার বড় অভাব আছে বলে মনে করেন সভায় আলোচক নগর বিশেষজ্ঞ নজরুল ইসলাম। তিনি বলেন, এমন নেতার দরকার, যিনি নগরের অর্থনৈতিক শক্তি ও দুর্বলতা বুঝতে পারবেন। যিনি মেয়র হবেন তাঁকে বুঝতে হবে নগরটাকে।
নগর প্রশাসনে সুশাসনের অভাবের প্রসঙ্গ তুলে সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার কেন্দ্রীয় সরকারের কাছে যত সম্পদ আছে, তার অন্তত ৫০ ভাগ সম্পদ স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর কাছে হস্তান্তরের দাবি করেন।
সভায় সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ঢাকা সিটি করপোরেশন ও কাউন্সিলর কার্যালয়কে নাগরিক সেবার কেন্দ্রবিন্দু হিসেবে চালু করার দাবি করেন।
নগর বিষয়ে আমাদের শিক্ষার অভাব আছে—এমন মন্তব্য করে স্থপতি ইকবাল হাবিব বলেন, ধানমন্ডি লেকের পাশে বসে নিজের গ্রামের বাড়ির পুকুর পরিষ্কারের কথা যিনি বলেন, তিনিই আবার বাদাম খেয়ে খোসা ভরা ঠোঙাটি লেকের পানিতে ফেলে দেন।
সিপিবির নেতা আবু সাঈদের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন প্রকৌশলী ইনামুল হক, গণসংহতি আন্দোলনের আহ্বায়ক জোনায়েদ সাকী, যুব ইউনিয়নের সভাপতি কাফি রতন প্রমুখ।