সিপিবির ঢাকা-মংলা নারী জাগরণ যাত্রা আজ শুরু
আন্তর্জাতিক নারী দিবসের শতবর্ষ উদ্যাপন উপলক্ষে আজ সোমবার শুরু হচ্ছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) ঢাকা-মংলা ‘নারী জাগরণ যাত্রা-২’। নারী জাগরণের বার্তা নিয়ে নানা জায়গায় পথসভা, সমাবেশসহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মংলায় গিয়ে ৭ অক্টোবর এ যাত্রা শেষ হবে।গতকাল রোববার মুক্তিভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করা হয়।সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ৩-৫ মার্চ ঢাকা থেকে তেঁতুলিয়ায় নারী জাগরণ যাত্রা-১ শেষ হয়েছে। পরবর্তী সময়ে ঢাকা-সিলেট ও ঢাকা-টেকনাফে নারী জাগরণ যাত্রা অনুষ্ঠিত হবে।নারী দিবসের শতবর্ষ উদ্যাপন উপলক্ষে সিপিবির বছরব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এসব কর্মসূচি পালন করা হচ্ছে।সংবাদ সম্মেলনে নারী দিবসের শতবর্ষ পূর্তির অঙ্গীকার হিসেবে ৯ দফা দাবি তুলে ধরা হয়। সেগুলো হলো—কর্মক্ষেত্রে মজুরিবৈষম্য দূর করা, সিডও সনদের পূর্ণ অনুমোদন ও বাস্তবায়ন, ‘ইউনিফর্মফ্যামিলি কোড’ চালু, নারী উন্নয়ন নীতিমালা বাস্তবায়ন, সংরক্ষিত আসনে সরাসরি নির্বাচন, হিন্দু বিবাহ আইন সংস্কার, গৃহস্থালি কাজে নারীর শ্রমের সামাজিক স্বীকৃতি, সব স্তরে নারীর শিক্ষার প্রসার এবং সব ক্ষেত্রে যৌন নিপীড়নবিরোধী নীতিমালা প্রণয়ন।নারী দিবসের শতবর্ষ উদ্যাপন কমিটির আহ্বায়ক লক্ষ্মী চক্রবর্তীর সভাপতিত্বে যুগ্ম আহ্বায়ক লুনা নূর সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শুনান। এ সময় সিপিবির কেন্দ্রীয় সদস্য লীনা চক্রবর্তী, মাকসুদা আক্তার, জাতীয় পরিষদের সদস্য কুলসুম বেগম প্রমুখ উপস্থিত ছিলেন।