সিপিবির নেতার বিরুদ্ধে স্ত্রীকে নির্যাতনের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারী জেলা সিপিবির সাধারণ সম্পাদক তারিণী মোহন অধিকারীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ করেছেন তাঁর স্ত্রী বেবী ঘোষ। জেলা মহিলা পরিষদের নেত্রীরা গতকাল সোমবার তারিণীর বাসা থেকে বেবী ঘোষকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা করান। তার বাঁ হাত ভেঙে গেছে এবং শরীরের বিভিন্ন স্থানে কাটা চিহ্ন রয়েছে। ঘটনার পর তিনি তাঁর বাবা আওয়ামী লীগের নেতা মিহির বরণ ঘোষের বাড়িতে আশ্রয় নিয়েছেন। বেবী অভিযোগ করেন, মাস দেড়েক আগে তাঁকে না জানিয়েই দ্বিতীয় বিয়ে করেন তাঁর স্বামী। এর পর থেকেই বিভিন্নভাবে তাঁকে নির্যাতন করা হচ্ছে। গতকাল সোমবার সকালে রান্না করার সময় তাঁকে প্রচণ্ড মারপিট করা হয়।জেলা মহিলা পরিষদের যুগ্ম সম্পাদিকা আরিফা সুলতানা বলেন, ‘বেবীর ফোন পেয়ে তাঁর বাসায় গিয়ে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিই।’ স্ত্রীকে নির্যাতনের অভিযোগ সরাসরি অস্বীকার না করে তারিণী মোহন অধিকারী বলেন, ‘২৪ বছরে বাচ্চা না হওয়ায় দ্বিতীয় বিয়ে করেছি। হিন্দু আইনে দ্বিতীয় বিয়ের জন্য প্রথম স্ত্রীর অনুমতি লাগে না। দ্বিতীয় বিয়ের পর থেকে সে (বেবী) সমস্যা করছে।’