সিপিবির প্রতিষ্ঠাবার্ষিকী আজ
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) ৬৬তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ বৃহস্পতিবার। ১৯৪৮ সালের এই দিনে তৎকালীন পাকিস্তানে কমিউনিস্ট পার্টি ও পূর্ব পাকিস্তান প্রাদেশিক কমিটি গঠিত হয়।
এ উপলক্ষে আজ বিকেলে সিপিবির কার্যালয় থেকে রাজধানীতে লাল পতাকা মিছিল করবেন সংগঠনের নেতা-কর্মীরা।
গতকাল বুধবার এক বিবৃতিতে সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমেদ পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশের সর্বস্তরের মানুষকে শ্রদ্ধা জানান। সংগঠনে যাঁরা অতীতে ও বর্তমানে অবদান রেখেছেন ও রাখছেন, তাঁদের অভিনন্দন জানান নেতৃদ্বয়।
সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিষ্ঠার পর থেকে প্রায় অর্ধেক সময় সংগঠনটি বেআইনি ছিল। স্বাধীন বাংলাদেশেও একাধিকবার সিপিবিকে বেআইনি ঘোষণা করা হয়। আওয়ামী লীগ ও বিএনপিকেন্দ্রিক দ্বিদলীয় মেরুকরণের বাইরে বাম গণতান্ত্রিক বিকল্প বলয় গড়ে তোলার চেষ্টা করে যাচ্ছে সংগঠনটি। সমাজতন্ত্রের লক্ষ্যে গণতান্ত্রিক পরিবর্তন সাধনে কাজ করে যাচ্ছে সিপিবি।