সিপিবির রেল রক্ষা অভিযাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘রেল বাঁচাও, যাত্রী অধিকার প্রতিষ্ঠা করো’ স্লোগানে নীলফামারীতে রেল রক্ষা অভিযাত্রা করেছে জেলা সিপিবি। গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে অভিযাত্রাটি শহরের কালীবাড়ি মোড় থেকে বের হয়ে নীলফামারী রেলস্টেশনে পৌঁছায়।
অভিযাত্রাটি বেলা দেড়টার দিকে রাজশাহী থেকে চিলাহাটিগামী আন্তনগর তিতুমীর এক্সপ্রেস ট্রেনে চিলাহাটি ও সেখান থেকে একই ট্রেনে নীলফামারী এসে পৌঁছায়। এ সময় নেতা-কর্মীরা রেল রক্ষার দাবিসংবলিত প্রচারপত্র বিলি করেন।
নীলফামারী ও চিলাহাটি রেলস্টেশনের প্ল্যাটফর্মে যাত্রীদের উপস্থিতিতে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন জেলা সিপিবির সভাপতি শ্রীদাম দাস, ক্ষেতমজুর সমিতির সাধারণ সম্পাদক ত্রৈলোক্য রায়, সদস্য জগদীশ চন্দ্র রায়, জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি কমল সরকার প্রমুখ।
বক্তারা রেলের ভাড়া কমানো, যাত্রীসেবার মান বাড়ানো, দুর্নীতি ও অপচয় বন্ধ, পর্যাপ্ত লোকবল নিয়োগ, রেলের সংখ্যা বাড়ানো, বেসরকারীকরণ বন্ধসহ সৈয়দপুর, পাহাড়তলী, পার্বতীপুর রেলওয়ে কারখানা আধুনিকায়নের দাবি জানান।
জেলা সিপিবির সভাপতি শ্রীদাম দাস বলেন, সিপিবি ও বাসদ যৌথভাবে ৩১ মার্চ থেকে ৯ এপ্রিল পর্যন্ত রেল রক্ষা অভিযাত্রা কর্মসূচি হাতে নিয়েছে। তারই ধারাবাহিকতায় দেশের বিভিন্ন অঞ্চলে ওই অভিযাত্রা কর্মসূচি পালন করা হচ্ছে। আজ শনিবার বিকেল চারটায় সৈয়দপুরের তামান্না সিনেমা হল মোড়ে জনসভা হবে। সেখানে বক্তব্য দেবেন সিপিবির কেন্দ্রীয় কমিটির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, বাসদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক খালেকুজ্জামান ভূঁইয়া প্রমুখ।