সিপিবির সমাবেশে বিদ্যুৎ সংকট নিরসনের দাবি
পানি, বিদ্যুৎ ও গ্যাসের সংকট নিরসনের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। অবিলম্বে অকেজো বিদ্যুৎকেন্দ্রগুলো চালু এবং ঘাটতি পূরণের জন্য নতুন বিদ্যুৎকেন্দ্র নির্মাণের দাবি জানান নেতারা। সিপিবির নেতারা বলেন, পুরোনো বিদ্যুৎকেন্দ্রগুলোতেও মন্ত্রী-আমলাদের টেন্ডারবাজির ফলে সংকট দিন দিন বাড়ছে।গতকাল শুক্রবার রাজধানীর শান্তিনগর ও লালবাগ এলাকায় বিক্ষোভ মিছিল শেষে স্থানীয় পাম্পহাউস ঘেরাও করেন সিপিবির নেতারা। সিপিবির শান্তিনগর শাখার নেতা জলি তালুকদারের সভাপতিত্বে এবং লালবাগে নেতা সুকান্ত শফি কমলের সভাপতিত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।সমাবেশে বক্তারা বলেন, নির্বাচনের আগে মহাজোট সরকার পানি, গ্যাস ও বিদ্যুতের সংকট নিরসনের অঙ্গীকার করলেও বর্তমানে সংকট আরও তীব্র হয়েছে।বক্তারা দেশে হত্যা, খুন, রাহাজানি ও সন্ত্রাস বন্ধ করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার দাবি জানান।