বিদ্যুৎ-গ্যাসের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্তের প্রতিবাদকে সরকার পুলিশ দিয়ে মোকাবিলা করতে চাইছে বলে অভিযোগ করেছে সিপিবি-বাসদ।
গতকাল সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিদ্যুৎ ও গ্যাসের দাম বাড়ানোর সিদ্ধান্তের প্রতিবাদে গতকাল জ্বালানি মন্ত্রণালয় অভিমুখে সিপিবি-বাসদের মিছিল করতে দেয়নি পুলিশ।
পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী গতকাল বেলা ১১টার দিকে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে মিছিল নিয়ে জ্বালানি মন্ত্রণালয়ের দিকে যেতে শুরু করে। কিছুদূর গেলে পুলিশ মিছিলটি আটকে দেয়। এরপর তারা সেখানে সমাবেশ করে।
সমাবেশে বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান বলেন, বিদ্যুৎ-গ্যাসের দাম বাড়ানো অযৌক্তিক, গণবিরোধী। সরকার পুলিশ দিয়ে জনরোষ মোকাবিলা করতে চাইছে। এ চেষ্টা সফল হবে না।
গ্যাস-বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্তের প্রতিবাদে সরকারের শরিক দল জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) মানববন্ধন করেছে। দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মানববন্ধনে জাসদের সাধারণ সম্পাদক শরীফ নূরুল আম্বিয়া বলেন, আন্তর্জাতিক বাজারে বর্তমানে তেলের দাম কম। ফলে জনগণ এ সিদ্ধান্ত গ্রহণ করবে না। বিজ্ঞপ্তি।