সিপির খামারের মুরগি বিক্রি বন্ধের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুজাতিক কোম্পানি সিপি বাংলাদেশের খামারের মা মুরগি বিক্রি বন্ধের দাবিতে ক্ষুদ্র খামারিরা বিক্ষোভ সমাবেশ করেছেন। গতকাল বুধবার ফুলবাড়ী পৌর শহরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের সামনে ওই বিক্ষোভ-সমাবেশ করেন তাঁরা।
বেলা ১১টায় ফুলবাড়ীসহ পার্শ্ববর্তী উপজেলার প্রায় সহস্রাধিক ক্ষুদ্র খামারি ফুলবাড়ী পৌর শহরের নিমতলা মোড়ে জড়ো হন। এরপর সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি বিভিন্ন রাস্তা ঘুরে ইউএনওর কার্যালয়ে এসে সমাবেশ করে। এ সময় ইউএনও এহতেশাম রেজা তাঁর কার্যালয় থেকে বেরিয়ে বিক্ষোভকারীদের বক্তব্য শোনেন। এরপর ক্ষুদ্র খামারিদের প্রতি তিনি সহমর্মিতা প্রদর্শন করে ফুলবাড়ীতে সিপি বাংলাদেশ কোম্পানির উৎপাদিত মা মুরগি বিক্রি বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে তাঁরা বিক্ষোভ মিছিল নিয়ে আবার ফিরে যান।
সমাবেশে ক্ষুদ্র খামারিরা অভিযোগ করেন, আইন অনুযায়ী সিপি বাংলাদেশ বহুজাতিক কোম্পানিটি দেশে শুধু মুরগির বাচ্চা উৎপাদন করবে। সেই বাচ্চাগুলো কিনে খামারিরা নিজেদের খামারে বড় করে বাজারজাত করার কথা। কিন্তু সিপি বাংলাদেশ সেই আইনের তোয়াক্কা না করে মা মুরগিগুলো ডিম দেওয়া শেষ হলে স্থানীয় খামারে কম দামে বিক্রি করছে। ফলে ক্ষুদ্র খামারিরা তাঁদের খামারে উৎপাদিত মুরগি বাজারজাত করতে পারছেন না। দাম কমে যাওয়ায় কোটি টাকা আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। তাঁরা সিপি বাংলাদেশের মুরগি বিক্রি বন্ধ না করা হলে কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবেন বলে হুঁশিয়ারি দেন।
ক্ষুদ্র খামারী ব্যবসায়ী সমিতির যুগ্ম আহ্বায়ক সাহারিয়া সানি বলেন, ফুলবাড়ীসহ দিনাজপুর জেলায় প্রায় ২০ হাজার ক্ষুদ্র খামারি বিভিন্নভাবে প্রশিক্ষণ নিয়ে খামার তৈরি করে কর্মসংস্থান সৃষ্টি করেছেন। কিন্তু সিপি বাংলাদেশ ফুলবাড়ী উপজেলার অম্রবাড়ী এলাকার এই খামার থেকে কম দামে মা মুরগিগুলো বিক্রি করায় খামারিরা এখন পথে বসেছেন।
ইউএনও এহতেশাম রেজা বলেন, ক্ষুদ্র খামারিদের দাবি বিবেচনায় নিয়ে তদন্তকাজ চলছে। তদন্তকাজ শেষ হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
থাইল্যান্ডভিত্তিক বহুজাতিক কোম্পানি সিপি বাংলাদেশ নামে সারা দেশে কয়েক শ বড় খামার গড়েছে। এর একটি আছে ফুলবাড়ী উপজেলার অম্রবাড়ী এলাকায়। সেখানে তিন মাস পরপর প্রায় ১৫ লাখ মুরগি বাজারজাত করা হচ্ছে। আগে ওই খামার থেকে শুধু মুরগির বাচ্চা উৎপাদন করা হতো। এ জন্য এক মাস ধরে সিপি বাংলাদেশ খামারের মুরগি বিক্রি বন্ধের দাবিতে আন্দোলন চলছে।
সিপির দিনাজপুর প্রকল্পের ব্যবস্থাপক মো. সেলিম বলেন, ‘ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া আমরা কোনো বিষয়ে কথা বলতে পারি না।’