সিফাত হত্যা মামলার রায় ২৭ ফেব্রুয়ারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী ওয়াহিদা সিফাত হত্যা মামলায় ২৭ ফেব্রুয়ারি রায় ঘোষণার দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। গতকাল রোববার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৩-এর বিচারক সাঈদ আহমেদ এ মামলায় যুক্তিতর্ক উপস্থাপন শেষে এ তারিখ ধার্য করেন।
মামলার আসামিরা হলেন সিফাতের স্বামী মো. আসিফ, শ্বশুর হোসেন মোহাম্মদ রমজান, শাশুড়ি নাজমুন নাহার ও প্রথম ময়নাতদন্তকারী চিকিৎসক জোবাইদুর রহমান। আসিফ কারাগারে, বাকি তিনজন জামিনে আছেন।
গতকাল শুনানির আগে আসামি আসিফকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। জামিনে থাকা তিন আসামিও আদালতে হাজির ছিলেন। রাষ্ট্রপক্ষের বিশেষ কৌঁসুলি মাহবুবুর রহমান গতকাল যুক্তিতর্ক উপস্থাপন শেষে তিন আসামির জামিন বাতিল করে কারাগারে পাঠানোর আবেদন করেন। রাষ্ট্র ও আসামিপক্ষে যুক্তিতর্ক শুনানি শেষে আদালত রায় ঘোষণার তারিখ নির্ধারণ করেন।
২০১৫ সালের ২৯ মার্চ সন্ধ্যায় রাজশাহী মহানগরের মহিষবাগান এলাকায় শ্বশুরবাড়িতে ওয়াহিদা সিফাতের রহস্যজনক মৃত্যু হয়। তাঁর শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল। প্রথমে সিফাত আত্মহত্যা করেছেন বলে তাঁর শ্বশুরবাড়ির লোকজন দাবি করেন। এ ঘটনায় সিফাতের চাচা মিজানুর রহমান খন্দকার রাজপাড়া থানায় হত্যা মামলা করেন। মামলাটির তদন্ত মহানগর গোয়েন্দা পুলিশকে দেওয়া হলেও পরে সিআইডিতে স্থানান্তর করা হয়।
গত বছরের ২৩ মার্চ মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির সিনিয়র সহকারী পুলিশ সুপার আহম্মেদ আলী চারজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেন। প্রথম ময়নাতদন্তকারী চিকিৎসক জোবাইদুর রহমানের বিরুদ্ধে ২০১ ধারায় এবং সিফাতের স্বামী, শ্বশুর ও শাশুড়ির বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১১(ক) ও ৩০ ধারায় অভিযোগ আনা হয়েছে।