রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক শিক্ষার্থী ওয়াহিদা সিফাত হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা। গতকাল রোববার দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে বিভাগের পক্ষ থেকে মানববন্ধন কর্মসূচি পালন করে এ দাবি জানানো হয়।
সিফাতের সহপাঠী মেহেরুল সুজনের পরিচালনায় মানববন্ধনে বক্তারা বলেন, সিফাত হত্যাকাণ্ডের এক মাস পার হলেও মামলার তদন্তে কোনো অগ্রগতি নেই। হত্যাকাণ্ডের পর সিফাতের স্বামীকে রিমান্ডে নেওয়া হলেও তাঁর কাছ থেকে তেমন কোনো তথ্য পাওয়া যায়নি বলে প্রচারণা চালানো হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে এ হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনের কোনো চেষ্টা করা হয়নি বলেও অভিযোগ করা হয়। বক্তারা অভিযোগ করে বলেন, সিফাত হত্যা মামলার অন্যতম আসামি তাঁর শ্বশুর মোহাম্মদ হোসেন রমজান ও শাশুড়ি নাজমুন নাহারের অবস্থান জেনেও পুলিশ তাঁদের গ্রেপ্তার করছে না। সুষ্ঠু তদন্তের মাধ্যমে সিফাত হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা।
মানববন্ধনে বক্তব্য দেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতি তানভীর আহমদ, মাস্টার্সের শিক্ষার্থী আলী রমজান, সংহতি প্রকাশ করে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান, ছাত্র ফেডারেশনের সভাপতি ফারুক ইমন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি আলমগীর হোসেন, কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য সাইদুল ইসলাম প্রমুখ। মানববন্ধন শেষে একটি প্রতিবাদ পদযাত্রা প্যারিস রোড হয়ে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সামনে গিয়ে শেষ হয়।
গত ২৯ মার্চ রাজশাহী নগরের মহিষবাথান এলাকায় শ্বশুরবাড়িতে রহস্যজনক মৃত্যু হয় গৃহবধূ ওয়াহিদা সিফাতের। শুরুতে শ্বশুরবাড়ির লোকজন তাঁর মৃত্যুকে আত্মহত্যা বলে প্রচার করলেও ময়নাতদন্ত প্রতিবেদনে সিফাতের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায়। গত ২ এপ্রিল সিফাতের পরিবারের পক্ষ থেকে নগরের রাজপাড়া থানায় একটি হত্যা মামলা করা হয়।