সিফাত হত্যাকারীদের বিচার দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী ওয়াহিদা সিফাত হত্যা মামলার দ্রুত সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে মানববন্ধন করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় রাজশাহী কোর্ট চত্বরে এ মানববন্ধন করা হয়।
এদিকে হত্যা মামলার প্রধান আসামি সিফাতের স্বামী মোহাম্মদ আসিফ ওরফে পিসলির জামিন নামঞ্জুর করেছেন আদালত। গতকাল সকালে রাজশাহী মহানগর দায়রা জজ আদালতে তাঁর জামিন আবেদনের ওপর শুনানি হয়।
মানববন্ধনে বিভাগের বর্তমান ও সাবেক শিক্ষার্থী ছাড়াও রাজশাহীর বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। সিফাতের সহপাঠী গোলাম রব্বানীর সঞ্চালনায় এতে বক্তব্য দেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী আলী রমজান, মাহবুব আলম, বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান প্রমুখ। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, হত্যাকাণ্ডের প্রায় দেড় মাস পেরিয়ে গেলেও ওয়াহিদা সিফাত হত্যা মামলার তেমন কোনো অগ্রগতি হয়নি। শুরু থেকেই মামলাটি ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করা হচ্ছে। অবিলম্বে মামলার বাকি আসামিদের গ্রেপ্তার করে এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক বিচার করতে হবে।
গত ২৯ মার্চ রাজশাহী নগরের মহিষবাথান এলাকায় শ্বশুরবাড়িতে রহস্যজনক মৃত্যু হয় গৃহবধূ ওয়াহিদা সিফাতের। শুরুতে শ্বশুরবাড়ির লোকজন মৃত্যুকে আত্মহত্যা বলে প্রচার করলেও ময়নাতদন্ত প্রতিবেদনে সিফাতের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায়।