সিবিআইয়ের কাজ দেখতে ভারত যাচ্ছে দুদক প্রতিনিধিদল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআইয়ের (সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশন) কার্যক্রম পরিদর্শনে ভারত যাচ্ছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মো. বদিউজ্জামানের নেতৃত্বে একটি দল। প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন দুদকের বিশেষ অনুসন্ধান বিভাগের মহাপরিচালক এম এইচ সালাহউদ্দিন, উপপরিচালক সৈয়দ ইকবাল হোসেন ও চেয়ারম্যানের একান্ত সচিব মো. আবুল কাশেম।
দুদকের দায়িত্বশীল একটি সূত্র প্রথম আলোকে জানিয়েছে, আগামী রোববার প্রতিনিধিদলটি নয়াদিল্লির উদ্দেশে ঢাকা ছাড়বে। তারা সিবিআইয়ের অনুসন্ধানের ধরন, আইনি প্রক্রিয়া, তদন্ত, প্রতিরোধ, মামলার ধরন, অভিযুক্ত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের ধরন, গ্রেপ্তারের প্রক্রিয়াসহ সব ধরনের কার্যক্রম পর্যবেক্ষণ করবে।
এ ছাড়া সিবিআইয়ের কার্যক্রম, এর কর্মকর্তাদের তদারকির ধরনসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন দুদকের কর্মকর্তারা। একই সঙ্গে সিবিআইয়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ের সময় দুদকও তার কার্যক্রম উপস্থাপন করবে। দলের সদস্যরা সিবিআইয়ের একাডেমি পরিদর্শন করবেন।
দুদক সূত্র জানিয়েছে, ১৪ সেপ্টেম্বর সিবিআইয়ের প্রধান ও ১৫ সেপ্টেম্বর সিবিআই একাডেমির প্রধানের সঙ্গে বৈঠকে বসবেন দুদক চেয়ারম্যান। নয়াদিল্লিতে এ বৈঠক হবে। ১৭ সেপ্টেম্বর ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় সেখানকার সিবিআইয়ের সঙ্গে বৈঠকে বসবেন তাঁরা। ১৮ সেপ্টেম্বর প্রতিনিধিদলটির দেশে ফেরার কথা।