সিবিএ নির্বাচন স্থগিত ঘোষণায় ম্যাজিস্ট্রেট ছয় ঘণ্টা অবরুদ্ধ
জামালপুরের সরিষাবাড়ীতে অবস্থিত যমুনা সার কারখানা কোম্পানি লিমিটেডের শ্রমিক-কর্মচারী ইউনিয়নের (সিবিএ) নির্বাচন স্থগিত করায় শ্রমিকেরা ম্যাজিস্ট্রেটকে ছয় ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন। গতকাল শনিবার এ ঘটনা ঘটে।
যমুনা সার কারখানা, নির্বাচন কমিশন ও শ্রমিক কর্মচারী ইউনিয়নের নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল সকাল আটটা থেকে কারখানার এমপ্লয়েজ ক্লাবে সিবিএ নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়। পরে বেলা ১১টায় জামালপুরের জেলা প্রশাসক শাহাবুদ্দিন খানের মৌখিক নির্দেশে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান নির্বাচন স্থগিত ঘোষণা করেন। এতে বিক্ষুব্ধ শ্রমিকেরা কারখানার ক্লাবের ফটকে তালা ঝুলিয়ে দেন। এরপর ওই ফটকের সামনে বিক্ষোভ সমাবেশ করেন। সে সময় ক্লাবের ভেতরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান বেলা ১১টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত অবরুদ্ধ থাকেন। এ সময় তাঁর সঙ্গে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বিল্লাল উদ্দিনসহ র্যা বের কয়েকজন সদস্য আটকা পড়েন। পরে ম্যাজিস্ট্রেট পৌরসভা নির্বাচনের পর সিবিএ নির্বাচন হওয়ার আশ্বাস দিলে সন্ধ্যায় শ্রমিকেরা অবরোধ তুলে নেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান বলেন, আইনশৃঙ্খলার অবনতি হওয়ার আশঙ্কায় জেলা প্রশাসকের মৌখিক নির্দেশে নির্বাচন স্থগিত করা হয়। এ ঘোষণায় শ্রমিকেরা ক্লাবের ফটকে তালা ঝুলিয়ে দিয়ে তাঁকে অবরুদ্ধ করে রাখেন।
কারখানার সাবেক সিবিএ সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন গত ২২ নভেম্বর বাংলাদেশ শ্রম আদালতে নির্বাচন স্থগিতের আবেদন করেন। শ্রম আদালত মোয়াজ্জেম হোসেনের আবেদনের পরিপ্রেক্ষিতে ২৫ নভেম্বরের সিবিএ নির্বাচন স্থগিত করার আদেশ দেন। ১৪ ডিসেম্বর শ্রম আদালতের চেয়ারম্যান সামছুল হুদা নির্বাচন স্থগিতের আদেশ বাতিল করেন। এ আদেশের চিঠি ১৮ ডিসেম্বর কারখানার নির্বাচন কমিশনার আবদুর রাজ্জাকের কাছে পৌঁছায়। পরে নির্বাচন কমিশনার রাতেই কারখানা এলাকায় গতকাল নির্বাচন অনুষ্ঠিত হবে বলে মাইকিং করেন।
এদিকে এক মাস ধরে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছানোয়ার হোসেন সিবিএর একটি পক্ষকে এবং সাধারণ সম্পাদক হারুন অর রশিদ অন্য একটি পক্ষকে সহযোগিতা করায় কারখানায় শ্রমিকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল।