জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় অবস্থিত যমুনা সার কারখানা কোম্পানি লিমিটেডের শ্রমিক কর্মচারী ইউনিয়নের (সিবিএ) নির্বাচন গত শনিবার অনুষ্ঠিত হয়েছে। ১৮ বছর পর অনুষ্ঠিত এ নির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিত শ্রমিক ইউনিয়ন পরিষদ নিরঙ্কুশ জয় পেয়েছে।
নির্বাচনে সভাপতি পদে রবিউল ইসলাম ৩৯২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক পদে মো. শাহজাহান ৪৩৮ ভোট পেয়ে জয়ী হন। নির্বাচনে ২০টি পদের মধ্যে আওয়ামী লীগ-সমর্থিত রবিউল-শাহজাহান পরিষদ ২০টিতেই জয়ী হয়েছে।
শ্রমিক কর্মচারী ইউনিয়ন ও নির্বাচন কমিশন সূত্র জানায়, কারখানার এমপ্লয়িজ ক্লাবে শনিবার সকাল আটটা থেকে বিরতিহীনভাবে বিকেল চারটা পর্যন্ত ভোট নেওয়া হয়। নির্বাচনে কারখানার ৫১০ জন শ্রমিক ভোট দেন। এতে চারটি পরিষদ অংশ নেয়। ভোট গণনা শেষে দিবাগত রাত দেড়টার দিকে ফলাফল ঘোষণা করা হয়।
কারখানার নির্বাচন কমিশনার আবদুর রাজ্জাক বলেন, শ্রমিকদের প্রত্যক্ষ ভোটে নির্বাচন হয়েছে। রবিউল-শাহজাহান পরিষদকে জয়ী ঘোষণা করা হয়েছে।