জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় অবস্থিত যমুনা সার কারখানা কোম্পানি লিমিটেডের শ্রমিক-কর্মচারী ইউনিয়নের (সিবিএ) নির্বাচনের ওপর দেওয়া স্থগিতাদেশ প্রত্যাহারের দাবিতে গতকাল বৃহস্পতিবার শ্রমিক-কর্মচারীরা প্রশাসনিক ভবন ঘেরাও করে বিক্ষোভ ও সমাবেশ করেছেন। একই দাবিতে তাঁরা ব্যবস্থাপনা পরিচালকের কাছে স্মারকলিপি পেশ করেন।
সার কারখানা, নির্বাচন কমিশন ও শ্রমিক-কর্মচারী ইউনিয়ন সূত্রে জানা গেছে, কারখানার সাবেক সিবিএর সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন গত রোববার ওই নির্বাচন স্থগিত চেয়ে বাংলাদেশ শ্রম আদালতে আবেদন করেন। আদালত মঙ্গলবার নির্বাচন স্থগিত করার আদেশ দেন।
সিবিএর সাবেক সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন বলেন, ‘নিয়মানুযায়ী কারখানার সহযোগী প্রতিষ্ঠানের কেউ নির্বাচন কমিশনের সদস্য হতে পারেন না। কিন্তু কারখানার সহযোগী প্রতিষ্ঠান ফায়ার সার্ভিসের কর্মকর্তা আবদুর রাজ্জাককে প্রধান নির্বাচন কমিশনার করা হয়েছে। তাই আদালতে নির্বাচন স্থগিতের আবেদন করেছি।’
সার কারখানা ফায়ার সার্ভিসের কর্মকর্তা আবদুর রাজ্জাক বলেন, কারখানার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এই নির্বাচন কমিশন গঠন করে দিয়েছেন।
সার কারখানা, নির্বাচন কমিশন ও শ্রমিক-কর্মচারী ইউনিয়ন সূত্রে জানা গেছে, শ্রমিকেরা সকাল সাড়ে ৯টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত কারখানার কাজ বন্ধ রেখে শ্রম আদালতের নির্বাচন স্থগিতাদেশ প্রত্যাহারের দাবিতে প্রশাসনিক ভবন ঘেরাও করে রাখেন। একই সময়ে শ্রমিকেরা বিক্ষোভ সমাবেশ করেছেন। সিবিএর সাধারণ সম্পাদক প্রার্থী শাহজাহান বলেন, ৭২ ঘণ্টার মধ্যে স্থগিতাদেশ প্রত্যাহার করে নির্বাচন না দেওয়া হলে কঠোর আন্দোলনের ঘোষণা দেওয়া হবে।
কারখানার এমডি মোস্তাফিজুর রহমান বলেন, ‘কারখানায় সিবিএ নির্বাচনকে কেন্দ্র করে বিক্ষোভ সমাবেশ অব্যাহত আছে। তাঁরা আমার কাছে স্মারকলিপি দিয়েছেন।’