সিবিএ নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহে বাধা, আহত ৪
জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় অবস্থিত যমুনা সার কারখানা কোম্পানি লিমিটেডের শ্রমিক-কর্মচারী ইউনিয়ন (সিবিএ) নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহে বাধাকে কেন্দ্র করে শ্রমিক ও বহিরাগতদের মধ্যে গতকাল শনিবার সকালে সংঘর্ষ হয়েছে। এ সময় পুলিশের লাঠিপেটায় বহিরাগতসহ চারজন আহত হন। কারখানা ও পুলিশ সূত্র জানায়, সিবিএ নির্বাচনের তফসিল অনুযায়ী প্রার্থীদের গতকাল থেকে মনোনয়নপত্র সংগ্রহের কথা থাকলেও বহিরাগতরা বাধা দেয়। শ্রমিক লীগের আঞ্চলিক শাখার যুগ্ম আহ্বায়ক ও কারখানার শ্রমিক মো. মোয়াজ্জেম হোসেন মনোনয়নপত্র সংগ্রহ করতে গিয়ে দুষ্কৃতকারীদের হামলার শিকার হন। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিপেটা করলে শরীফ উদ্দিন, জাহিদুল ইসলাম ও আবু বক্কর নামের তিন ব্যক্তি আহত হন। এ ছাড়া অজ্ঞাতনামা এক ব্যক্তি আহত হন। স্থানীয়ভাবে তাঁদের চিকিৎসা দেওয়া হয়। শ্রমিক লীগের নেতা মো. মোয়াজ্জেম হোসেন অভিযোগ করেন, তাঁকে স্থানীয় সাংসদের অনুগত লোকজন মনোনয়নপত্র সংগ্রহে বাধা দেয় ও মারধর করে।স্থানীয় সাংসদ মুরাদ হাসান বলেন, তাঁর লোকজন ওই ঘটনায় জড়িত নয়। সিবিএর নির্বাচন কমিশনার গোলাম মোস্তফা বলেন, অজ্ঞাতনামা লোকজনের বাধায় প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করতে পারেননি। লাঠিপেটার বিষয়টি স্বীকার করেছেন সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম কামরুল আহসান। যমুনা সার কারখানা কোম্পানি লিমিটেডের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক অচিন্ত্যকুমার দেব প্রথম আলোকে বলেন, তিনি গতকালের ঘটনার ব্যাপারে কিছু জানেন না। সিবিএ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ২৪ জুলাই। নির্বাচন অনুষ্ঠিত হবে ৪ আগস্ট।