সিবিএ নেতা তাহের হত্যার ঘটনায় মামলা দায়ের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘মামলা করে কী হবে? যাঁকে হারিয়েছি, তাঁকে তো আর ফিরে পাওয়া যাবে না...।’ শোকে-ক্ষোভে এ রকম প্রশ্ন রেখে মামলা করা প্রসঙ্গে অনীহা প্রকাশ করেছিলেন সিলেটে জালালাবাদ গ্যাসের নিহত সিবিএ সভাপতি আবু তাহেরের স্ত্রী সাজেদা আক্তার। একই মনোভাব ছিল তাহেরের স্কুলপড়ুয়া দুই ছেলেরও। নিহত তাহেরের পরিবারের এ ভূমিকায় অনেকটা বিপাকে পড়েছিল সিলেট কোতোয়ালি থানার পুলিশ। অবশেষে তাহেরের কলেজপড়ুয়া মেয়ে গত রোববার রাতে সিলেট কোতোয়ালি থানায় মামলা করেন।পুলিশ সূত্র জানায়, সিবিএ নেতা তাহেরের মরদেহ নিয়ে যাওয়ার পর থেকে তাঁর পরিবারের সব সদস্য চট্টগ্রামের সীতাকুণ্ডের জাফরাবাদ গ্রামে অবস্থান করছিলেন। মামলা দায়েরের জন্য পুলিশ তাঁদের সঙ্গে একাধিকবার যোগাযোগ করেও কোনো সাড়া পাচ্ছিল না। ঘটনার তিন দিন অতিবাহিত হওয়ার পর গত রোববার পুলিশের পাশাপাশি গোয়েন্দা পুলিশও তাহেরের গ্রামের বাড়িতে যায়। পরিবারের সদস্যদের বুঝিয়ে বললে তাহেরের বড় মেয়ে মামলা করতে রাজি হন। তাঁর লিখিত অভিযোগ রোববার রাত সাড়ে ১১টায় কোতোয়ালি থানায় মামলা হিসেবে তালিকাভুক্ত হয়।এসআই নারায়ণ দত্ত প্রথম আলোকে বলেন, হত্যার পেছনে রাজনীতি থাকায় পুলিশ অতিরিক্ত সতর্কতার সঙ্গে তদন্ত করছে। পাশাপাশি পুলিশের এ তদন্তকে সহায়তা করার জন্য গোয়েন্দাসহ অন্যান্য সংস্থাও মাঠে রয়েছে।সিবিএর যৌথ সভা: তাহের হত্যা মামলার সুষ্ঠু তদন্ত ও খুনিদের গ্রেপ্তারের দাবিতে ঐক্যবদ্ধ শ্রমিক-কর্মচারী আন্দোলনের জন্য সিবিএ যৌথ সভা করেছে। গতকাল সকালে নগরের মেন্দিবাগে জালালাবাদ গ্যাস ভবনের সিবিএ কার্যালয়ে এ সভা হয়। জাতীয় শ্রমিক লীগের জেলা সভাপতি এজাজুল হক, নগর শাখার সভাপতি জাফর আহমদ চৌধুরীসহ সিবিএর ভারপ্রাপ্ত সভাপতি জমসেদ আলী, সাধারণ সম্পাদক শামসুল হক প্রমুখ যৌথ সভায় উপস্থিত ছিলেন।