সিবিএ নেতাদের গাড়িবিলাস
মাইক্রোবাস নম্বর সিলেট-চ-১১-০৪০০। সিলেটে জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন লিমিটেডের একটি আঞ্চলিক বিতরণ কার্যালয়ের দাপ্তরিক কাজে রিকুইজিশন করা এই মাইক্রোবাসটি ব্যক্তিগতভাবে ব্যবহার করেন জালালাবাদ গ্যাস সিবিএর (কর্মচারী লীগ, রেজি. নম্বর-১৬৯০) সাধারণ সম্পাদক শামছুল হক। মাস শেষে ওই মাইক্রোবাসের ভাড়া দেয় জালালাবাদ গ্যাস।এভাবে শুধু একটি গাড়ি নয়, জালালাবাদ গ্যাসের আঞ্চলিক বিতরণ কার্যালয়ে দাপ্তরিক কাজের জন্য ভাড়া করা ১৪টি মাইক্রোবাসের মধ্যে পাঁচ থেকে ছয়টি সিবিএ নেতারা যখন-তখন ব্যক্তিগত কাজে ব্যবহার করায় মাস শেষে গড়ে প্রায় এক লাখ টাকা অতিরিক্ত ভাড়া প্রতিষ্ঠানকে পরিশোধ করতে হচ্ছে। প্রশাসন বিভাগে গত ছয় মাসের ‘ভাড়া বাবদ গাড়ির বিলভাউচার’ পর্যবেক্ষণ সূত্রে এ তথ্য পাওয়া গেছে।গাড়ি ব্যবহারের সত্যতা স্বীকার করলেও জালালাবাদ গ্যাসের সিবিএ নেতাদের দাবি—ব্যক্তিগত কাজে নয়, তাঁরা মাঝেমধ্যে ‘সাংগঠনিক কাজে’ গাড়ি ব্যবহার করছেন।খোঁজ নিয়ে জানা গেছে, সিলেট নগরের মেন্দিবাগ গ্যাস ভবনে জালালাবাদ গ্যাসের প্রধান কার্যালয়, সিলেটের পূর্ব, পশ্চিম, দক্ষিণ এলাকার আঞ্চলিক বিতরণ কার্যালয়সহ (আবিকা) হবিগঞ্জ ও মৌলভীবাজার শাখার জন্য রিকুইজিশন করা গাড়ি হিসাবে ১৪টি মাইক্রোবাস ব্যবহার করা হয়। এর মধ্যে জেনারেল সার্ভিসেস শাখা ও জরুরি শাখার অপারেশন বিভাগ ছয়টি মাইক্রোবাস ব্যবহার করে। এর মধ্যে বেশি ব্যবহূত গত ৭ মে প্রশাসন বিভাগ থেকে চলতি বছরের জানুয়ারি মাসে ১৪টি মাইক্রোবাসের ভাড়া পরিশোধ করা হয়েছে সাত লাখ ৫৫ হাজার ৬৬৭ টাকা। একইভাবে গত বছরের নভেম্বরে ১৩টি মাইক্রোবাস ব্যবহার করায় ভাড়া বাবদ ছয় লাখ ৩৭ হাজার ৯০১ টাকা পরিশোধ করা হয়। মাসে ১৩টি কিংবা ১৪টি মাইক্রোবাস দপ্তরের কাজে ভাড়া হিসেবে ব্যবহার করে বিল পরিশোধের কথা নথিপত্রে দেখানো হলেও বাস্তবে পাঁচ থেকে ছয়টি মাইক্রোবাস দপ্তরের কাজে ব্যবহার হয়। বাকিগুলো থাকে সিবিএ নেতাদের জিমঞ্চায়। এর মধ্যে সিলেট-চ-১১-০৪০০ নম্বরের মাইক্রোবাস জালালাবাদ গ্যাসের সিবিএর সাধারণ সম্পাদক শামছুল হক নিজের গাড়ির মতোই ব্যবহার করছেন। গাড়িভাড়া পরিশোধ করার ভাউচারে ওই মাইক্রোবাস জালালাবাদ গ্যাসের ‘জেনারেল সার্ভিসেস ডিপার্টমেন্ট’ ব্যবহার করছে বলে উল্লেখ রয়েছে। এ দপ্তরের নামে ব্যবহূত আরও পাঁচটি মাইক্রোবাস সিবিএর পদধারী নেতাদের পারিবারিক ও ব্যক্তিগত কাজে ব্যবহার হচ্ছে। ভাড়া গাড়ির বিল পরিশোধ ভাউচারে থাকা মাইক্রোবাসের নম্বরগুলোর সূত্র ধরে সরেজমিন অনুসন্ধানে মেন্দিবাগ এলাকায় সিবিএ নেতা শামছুল হকের বাসার সামনে সিলেট-চ-১১-০৪০০ নম্বরের মাইক্রোবাস কার্যদিবস ছাড়াও অবস্থান করতে দেখা গেছে। বিল পরিশোধের ভাউচারে ওই মাইক্রোবাসটি আট নম্বর ক্রমিকে রয়েছে এবং গত বছরের নভেম্বর মাস থেকে ভাড়ায় ব্যবহার করায় গড়ে প্রতি মাসে ৬০ থেকে ৭০ হাজার টাকা বিল পরিশোধ করতে হয়েছে জালালাবাদ গ্যাস কর্তৃপক্ষকে।শামছুল হক গাড়ি ব্যবহারের কথা স্বীকার করে বলেন, ‘সাংগঠনিক কাজে অফিসের গাড়ি নিয়ে আমরা বিভিন্ন শাখা অফিসে যাই। আর অনেক সময় নিরাপত্তাজনিত কারণে বাসায় গাড়ি নিয়ে যেতে হয়। এ ব্যাপারে অবশ্য অফিস অবহিত আছে।’ জালালাবাদ গ্যাস ভবনে কর্মরত একজন কর্মকর্তা জানান, রিকুইজিশন করা গাড়ি ছাড়াও ঊর্ধ্বতন কর্মকর্তাদের গাড়িও ব্যবহার করছেন সিবিএ নেতারা। গত জুনে সিবিএর সাধারণ সম্পাদকের নির্দেশে একটি জিপগাড়ি ব্যবহারে সিলিন্ডার বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয়। ক্ষতিগ্রস্ত ওই গাড়িটি গত প্রায় এক মাস ধরে গ্যাস ভবনে পড়ে আছে। ওই কর্মকর্তা বলেন, তাঁরা (সিবিএ নেতারা) অস্বীকার করলেও ক্ষতিগ্রস্ত এ গাড়িটি অফিসের গাড়ি ব্যক্তিগত কাজে ব্যবহারের সাক্ষী হয়ে পড়ে রয়েছে।জালালাবাদ গ্যাস এমপ্লয়িজ ইউনিয়নের সাবেক সভাপতি আবদুর রহমান বলেন, সিবিএর নেতৃত্বে থাকা সবাই পদে কর্মচারী। অফিসের গাড়ি চাইলে ব্যবহার করার কোনো এখতিয়ার তাঁদের নেই। সিবিএ নেতারা ক্ষমতার দাপটে অফিসকে না জানিয়ে গাড়ি নিজের জিমঞ্চায় নিচ্ছেন, আর যাচ্ছেতাইভাবে ব্যবহার করছেন। ঝামেলা এড়াতে এ বিষয়ে কিছু বলছে না প্রশাসন বিভাগ।প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (প্রশাসন) বদরুল হক সাংগঠনিক কাজে সিবিএ নেতাদের মাঝেমধ্যে গাড়ি ব্যবহারের বিষয়টি স্বীকার করেন। তবে এ ব্যাপারে অবহিত করেই গাড়ি ব্যবহার করেন। গাড়ি ব্যবহারে সিবিএ নেতাদের ‘অবহিত’ করার বিষয়টি লিখিত কি না—জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করেননি।