সিবিএ নেতাদের বিপুল সম্পদ অর্জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যমুনা অয়েল কোম্পানির নিয়োগ ও বদলির ক্ষেত্রে সিবিএর দাপুটে নেতারা অনৈতিক কাজে জড়িয়ে পড়ে বিপুল সম্পদ অর্জন করছেন বলে অভিযোগ উঠেছে। বিষয়টি যমুনা অয়েল কোম্পানি কর্তৃপক্ষ তদন্ত করে দেখছে। এই কর্মচারীদের কাছে কর্মকর্তারা অসহায় থাকেন।
যমুনা অয়েল কোম্পানির সিবিএর সাধারণ সম্পাদক মুহাম্মদ এয়াকুব এবং সহসাধারণ সম্পাদক মুহাম্মদ আবদুল মান্নানের বিরুদ্ধে কিছু অভিযোগ কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে। তাঁদের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ ওঠে।
যমুনা অয়েল কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক আলিমউদ্দিন আহমেদ এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, ‘মুহাম্মদ এয়াকুবের বিরুদ্ধে আমরা কিছু অভিযোগ পেয়েছি, যা তদন্ত হচ্ছে। তিনি জ্ঞাত আয়বহির্ভূত অনেক সম্পদ অর্জন করেছেন বলে আমাদের কাছে অভিযোগ এসেছে।’
খোঁজ নিয়ে জানা যায়, মুহাম্মদ এয়াকুব ১৯৯৪ সালে দৈনিক ভিত্তিতে চাকরিতে যোগ দেন। ১৯৯৭ সালের ফেব্রুয়ারিতে তাঁর চাকরি স্থায়ী হয়। তিনি এখন কম্পিউটার অপারেটর পদে আছেন, যা তৃতীয় শ্রেণীর কর্মচারীর পদ। সাকল্যে তাঁর মাসিক বেতন ২২ হাজার টাকা। কেটেছেঁটে তিনি বেতন ওঠান প্রায় ১১ হাজার টাকা। একইভাবে মুহাম্মদ আবদুল মান্নানের চাকরিও স্থায়ী হয় ১৯৯৭ সালে। তাঁর বেতনও অনুরূপ বলে জানা গেছে।
এয়াকুবের বিরুদ্ধে নিয়োগ ও বদলি এবং কোম্পানির বিভিন্ন স্থাপনা থেকে অনৈতিক সুবিধা নেওয়ার অভিযোগ উঠেছে। এ কারণে তাঁর স্থাবর-অস্থাবর সম্পদের পরিমাণ দিনে দিনে বেড়েই চলেছে। সম্প্রতি তিনি স্ত্রীর নামে নগরের আগ্রাবাদ এক্সেস সড়কে একখণ্ড জমি কেনেন। এর আগে পতেঙ্গায় নিজের নামে একটি প্লট কেনেন তিনি। এ ছাড়া নগরে দোকানপাট এবং শহরতলি ও গ্রামের বাড়িতে জমি কেনেন বলে অভিযোগ ওঠে।
জানতে চাইলে মুহাম্মদ এয়াকুব প্রথম আলোকে বলেন, ‘পতেঙ্গায় আমার নামে জমি আছে। আর আগ্রাবাদে কেনা জমিটি আমার স্ত্রীর সঙ্গে আরেকজনের মালিকানা রয়েছে।’
কোম্পানির নিয়োগ ও বদলি এবং যমুনার বিভিন্ন তেল স্থাপনা থেকে অনৈতিক সুবিধা নেওয়া প্রসঙ্গে এয়াকুব বলেন, ‘আমার সইয়ে তো কারও নিয়োগ-বদলি হয় না। বিভিন্ন স্থাপনা থেকে অনৈতিক সুবিধা আমি কেন নেব?’
সিবিএর সহসাধারণ সম্পাদক মুহাম্মদ আবদুল মান্নান বলেন, ‘মুহাম্মদ এয়াকুবের স্ত্রী মরিয়ম বেগমসহ আমরা আগ্রাবাদে চার শতাংশ জমি কিনি। আমার অর্থের উৎস হচ্ছে বেতন এবং সৌদি আরব থেকে আমার শ্বশুরের পাঠানো টাকা।’
যমুনার ব্যবস্থাপনা পরিচালক আলিমউদ্দিন আহমেদ বলেন, ‘নিয়োগ বা বদলির ক্ষেত্রে সিবিএর নেতারা অনেক সময় আমাদের সঙ্গে দর-কষাকষি করেন। আমরা কিছু পরামর্শ গ্রহণ করি। একেবারে অনৈতিক হলে তা প্রত্যাখ্যান করি।’
যমুনা অয়েলের দায়িত্বশীল একটি সূত্র জানায়, চাকরিতে যোগ দেওয়ার পর এয়াকুব ও আবদুল মান্নান আগ্রাবাদের প্রধান কার্যালয় থেকে আর কোথাও বদলি হননি। একবার এয়াকুবের বদলির আদেশ হলে তা আদালতের মাধ্যমে ঠেকানো হয়। এয়াকুবও তা স্বীকার করেছেন।