নারায়ণগঞ্জে কৃষি ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ের দুই সহকারী মহাব্যবস্থাপককে কক্ষ থেকে বের করে দিয়ে সেখানে সিবিএ নেতারা তাঁদের অফিস রুম বানিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন কর্মকর্তা বলেন, গতকাল সোমবার দুপুরে কৃষি ব্যাংকের কয়েকজন আওয়ামী লীগ সমর্থক সিবিএ নেতা অন্যান্য ব্যাংকের সিবিএ নেতাদের সঙ্গে নিয়ে আঞ্চলিক কার্যালয়ে ঢোকেন। তাঁরা সহকারী মহাব্যবস্থাপক ফিরোজ ভূঁইয়া ও ননী গোপাল সূত্রধরকে তাঁদের কক্ষ থেকে বের করে দেন। কক্ষটির দখল নিয়ে তাঁরা সেটিকে সিবিএর অফিস রুম হিসেবে ঘোষণা দেন। কৃষি ব্যাংক আঞ্চলিক অফিস কমিটির সভাপতি হাবীবুল্লাহ খান বলেন, ২০০১ সাল পর্যন্ত এই কক্ষে তাঁদের অফিস ছিল। কিন্তু জোট সরকারের আমলে কক্ষটি দখল করে নেওয়া হয়। তাঁরা তাঁদের অফিস ফেরত নিয়েছেন। তিনি বলেন, অফিসের এক কর্মকর্তা অফিস থেকে বঙ্গবন্ধুর ছবি নামিয়ে ফেলেছেন। ননী গোপাল সূত্রধর জানিয়েছেন, তাঁরা অফিস থেকে বঙ্গবন্ধুর ছবি নামাননি। কৃষি ব্যাংকের প্রধান কার্যালয়ের মহাব্যবস্থাপক সাউদ আহম্মেদ বলেছেন, ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে।