সিবিএ নেতাদের লঘু শাস্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তাকে লাঞ্ছিত করার ঘটনায় ক্ষমতাসীন আওয়ামী লীগ-সমর্থিত ১০ জন সিবিএ নেতার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক কর্তৃপক্ষ। তাঁদের ছয়জনকে বাধ্যতামূলক অবসর, চারজনের তিনটি করে বেতন বৃদ্ধি (ইনক্রিমেন্ট) বন্ধ ও তিনজনকে ঢাকার বাইরে বদলি করা হয়েছে। গত বছরের ১৮ আগস্ট সিবিএর এসব নেতা বৈদেশিক মুদ্রানীতি বিভাগের মহাব্যবস্থাপক আহমেদ জামালের কক্ষে একই বিভাগের যুগ্ম পরিচালক (তৎকালে উপপরিচালক) সহিদার রহমানকে ব্যাপক মারধর করেন। সহিদার রহমান সিবিএর ১০ নেতাকে অভিযুক্ত করে ১৯ আগস্ট বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ করেন। এরপর কয়েক দফা তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ার পর গতকাল বৃহস্পতিবার শাস্তি দেওয়া হয়েছে।সূত্র জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় এসব সিবিএ নেতার প্রত্যেকের কাছে শাস্তির চিঠি পাঠানো হয়েছে। এর মধ্যে সিবিএর সাধারণ সম্পাদকসহ ছয়জনকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে। সভাপতিসহ চারজনকে আগামী তিন বছরের জন্য বার্ষিক বেতন বৃদ্ধি না করার সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। তবে সভাপতি ছাড়া অন্য তিনজনকে ঢাকার বাইরে বদলি করা হয়েছে।বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষ বলছে, অপরাধ প্রমাণিত হওয়ায় ছয়জনকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে। আর আংশিক অপরাধ প্রমাণিত হওয়ায় বাকিদের বেতন বৃদ্ধি সাময়িকভাবে বন্ধ করা হয়েছে। সঙ্গে তিনজনকে বদলি করা হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের মানবসম্পদ উন্নয়ন বিভাগ থেকে বৃহস্পতিবার এ-সংক্রান্ত আদেশ জারি করা হয়। বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে সিবিএর সাধারণ সম্পাদক মঞ্জুরুল হক (করণিক), আইয়ুব আলী (কেয়ারটেকার), মোহাম্মদ আবদুল গাফফার (গাড়িচালক), মো. হুমায়ুন (কেয়ারটেকার), আবুল খায়ের (কেয়ারটেকার) ও আবদুল বারিককে (কেয়ারটেকার)। অন্যদিকে সিবিএর সভাপতি আহসানুল হাবীবের (কেয়ারটেকার) তিন বছরের জন্য বার্ষিক বেতন বৃদ্ধি বন্ধ করা হয়েছে। আর আবদুল হাকিমকে (কেয়ারটেকার) তিন বছরের জন্য বার্ষিক বেতন বৃদ্ধি বন্ধ করে সিলেটে, এনামুল হক খানকে (কেয়ারটেকার) চট্টগ্রামে বদলি ও মুহাম্মদ সারোয়ার আলমকে (ডাটা এন্ট্রি অপারেটর) খুলনা অফিসে বদলি করা হয়েছে।এর আগে গত ২৮ ফেব্রুয়ারি সর্বশেষ দফায় বাংলাদেশ ব্যাংক কর্মকর্তা-কর্মচারী চাকরিবিধির ৪৪ অনুচ্ছেদ অনুযায়ী তাঁদের এক সপ্তাহের মধ্যে কারণ দর্শনোর নোটিশ দেওয়া হয়। ওই নোটিশে সিবিএর এসব নেতার মধ্যে কয়েকজনকে চাকরিচ্যুত ও আরও কয়েকজনকে চাকরি থেকে বাধ্যতামূলক অবসর কেন দেওয়া হবে না—তার জবাব চাওয়া হয়। নোটিশের মেয়াদ গত ৬ মার্চ শেষ হয়। তবে সিবিএ নেতারা জবাব দিতে সময় বাড়ানোর আবেদন করলে এক সপ্তাহ সময় বাড়ায় কেন্দ্রীয় ব্যাংক কর্তৃপক্ষ। সিবিএর নেতাদের জবাব সন্তোষজনক হয়নি বলে জানা গেছে।এর আগে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ বাংলাদেশ ব্যাংকের গভর্নর থাকাকালে (বিগত বিএনপি সরকার আমলে) কেন্দ্রীয় ব্যাংকে বিশৃঙ্খলা ও গভর্নরের সঙ্গে দুর্ব্যবহারের কারণে তৎকালীন কেন্দ্রীয় ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং সিবিএর সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১০ জনকে চাকরিচ্যুত করেন ২০০৩ সালের ৩০ অক্টোবর। এতে বাংলাদেশ ব্যাংকে শৃঙ্খলা প্রতিষ্ঠা পায় এবং সব মহলে তৎকালীন গভর্নরের শক্ত সিদ্ধান্ত সমাদৃত হয়। কিন্তু, বর্তমান গভর্নরের সময়ে বেশ কয়েকবার সিবিএ নেতারা কর্মকর্তাদের লাঞ্ছিত করার মতো ঘটনা ঘটিয়েছেন। গতকালই প্রথম কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হলো।জানা গেছে, বাংলাদেশ ব্যাংক কর্মকর্তা-কর্মচারীদের চাকরিবিধি অনুসারে এই সিবিএ কর্মকর্তারা এখন কর্তৃপক্ষের কাছে আবেদন করতে পারবেন। আবেদন করলে শাস্তির বিধান এক ধাপ কমেও যেতে পারে। সূত্রগুলো বলছে, সে ক্ষেত্রে কার্যত কোনো শাস্তি তাঁদের ভোগ করতে হবে না।সূত্রগুলো বলছে, অতীতে এ ধরনের অপরাধের দায়ে চাকরিচ্যুত করা হলেও এবার সিবিএ নেতাদের বড় ধরনের ছাড় দেওয়া হয়েছে। আবার সাধারণভাবে এসব অপরাধে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর নিজেই শাস্তি দিয়ে থাকেন। কিন্তু এবার কৌশল করে গভর্নরস ইন কাউন্সিলে (গভর্নর ও ডেপুটি গভর্নর) নিয়ে কার্যত শাস্তি কমানো হয়েছে।