সিবিএ নেতার কাণ্ড!
জ্বালানি তেল বিপণনপ্রতিষ্ঠান যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের সিবিএর কার্যকরি সভাপতি এ এম কামরুজ্জামানকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। চিকিৎসকের দেওয়া ব্যবস্থাপত্রে কারসাজি করে ভিন্ন ওষুধ ওঠানোর অভিযোগে গত মঙ্গলবার তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়। গতকাল বুধবার থেকে এই আদেশ কার্যকর হয়েছে। সূত্রের ভাষ্যমতে, গত ১১ মে কামরুজ্জামান তাঁর মায়ের জন্য চিকিৎসকের কাছ থেকে ব্যবস্থাপত্র নেন। পরে ব্যবস্থাপত্রে ওষুধের নাম পরিবর্তন করে যমুনা অয়েল কোম্পানির মেডিকেল শাখা থেকে অন্য ওষুধ তুলে নেন। এটি জালিয়াতি বলে গণ্য হওয়ায় কোম্পানির উপ-মহাব্যবস্থাপক হাবীবুল মুহিত তাঁর সাময়িক বহিষ্কারাদেশে সই করেন। আদেশে বলা হয়, অভিযোগটি গুরুতর। পুনরাদেশ না দেওয়া পর্যন্ত কামরুজ্জামানকে দপ্তরে আসতে হবে না। কর্তৃপক্ষকে লিখিতভাবে না জানিয়ে বর্তমান ও স্থায়ী ঠিকানা পরিবর্তন করা যাবে না। অভিযোগ প্রসঙ্গে এ এম কামরুজ্জামান প্রথম আলোকে বলেন, ‘কে বা কারা আমার নামে ওষুধ হাতিয়ে নিয়েছে। চাকরি থেকে আমাকে সরিয়ে দিতে দুশমনি করে এই কাণ্ড ঘটানো হয়েছে।’ কোম্পানির উপমহাব্যবস্থাপক হাবীবুল মুহিত বলেন, কামরুজ্জামানের বিরুদ্ধে অভিযোগ গুরুতর। প্রাথমিকভাবে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ঘটনাটি আরও বিশদভাবে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।