সিবিএ রাজনীতির ‘ভেতরকার বিষয়’ এক বছরেও বের হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক বছরেও শেষ হলো না সিলেটের জালালাবাদ গ্যাসের সিবিএর সভাপতি আবু তাহের হত্যাকাণ্ডের তদন্ত। নৃশংস এ খুনের কারণ, সিবিএ রাজনীতির ‘ভেতরকার বিষয়’ বলে অভিহিত হচ্ছিল।সিলেট নগরের রায়নগরে জালালাবাদ গ্যাস কোয়ার্টার থেকে গত বছর ১০ জুন সকালে অফিসে যাওয়ার পথে ঝরনারপাড় এলাকায় খুন হন আবু তাহের (৫০)। পুলিশ ও পরিবার সূত্র জানায়, আবু তাহেরের বাড়ি চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায়। তিনি জালালাবাদ গ্যাস ভবনে জ্যেষ্ঠ টেকনিশিয়ান পদে কর্মরত ছিলেন। স্ত্রী, এক মেয়ে ও দুই ছেলে নিয়ে তিনি বাস করতেন রায়নগরে জালালাবাদ গ্যাস কোয়ার্টারে। গত বছরের ১৮ ফেব্রুয়ারি সিবিএ নির্বাচনে জালালাবাদ গ্যাস কর্মচারী লীগের (১৬৯০) প্রার্থী হিসেবে তিনি সভাপতি নির্বাচিত হন। নির্বাচিত হওয়ার প্রায় তিন মাসের মাথায় খুন হন তিনি। খুনের ঘটনার প্রায় চার দিন পর আবু তাহেরের মেয়ে আফরোজা জাহান বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে সিলেট কোতোয়ালি থানায় মামলা করেন। সিলেট মহানগর পুলিশ কমিশনারের কার্যালয় থেকে পদস্থ পুলিশ কর্মকর্তারা ঘটনার তদন্ত সমন্বয় করেন বলে পুলিশ সূত্র জানায়। একপর্যায়ে তদন্তে কোনো অগ্রগতি না হওয়ায় গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক আবদুল আউয়াল চৌধুরীকে নতুন তদন্ত কর্মকর্তা নিযুক্ত করা হয়।সংশ্লিষ্ট সূত্র জানায়, সিবিএ রাজনীতির ‘ভেতরকার বিষয়’ উদ্ঘাটনে আবু তাহেরের রাজনৈতিক প্রতিপক্ষের দিকে ডিবি পুলিশের সন্দেহ হয়। ১৮ ফেব্রুয়ারি নির্বাচনে আবু তাহেরের সঙ্গে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বী আবদুর রহমানসহ প্রতিপক্ষ প্যানেলের নেতাদের নজরদারির মধ্যে রাখা হয়। ঘটনার প্রায় তিন সপ্তাহ পর ৩০ জুন জালালাবাদ গ্যাস ভবনের গাড়িচালক মোবাশ্বির হোসেনকে আটক করা হয়। পরে জালালাবাদ গ্যাসের বিয়ানীবাজার কার্যালয়ে কর্মরত জ্যেষ্ঠ সুপারভাইজার গোলাম হামিদসহ আরও তিনজনকে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদও করা হয়। ঘটনার সঙ্গে এঁদের সংশ্লিষ্টতার প্রমাণ পায়নি পুলিশ। চারজনই এখন জামিনে মুক্ত রয়েছেন। আবদুর রহমান বলেন, ‘নৃশংস ওই খুনের ঘটনার পর থেকে আমরা উৎকণ্ঠার মধ্যে আছি। এ উৎকণ্ঠা থেকে পরিত্রাণ পেতে আমরা চাই খুনি ধরা পড়ুক এবং আবু তাহের হত্যার শাস্তি নিশ্চিত হোক। এই নিয়ে আমাদের মনে কোনো রাজনীতি নেই।’ এক বছরের তদন্তের অগ্রগতি সম্পর্কে জানতে মহানগর গোয়েন্দা দপ্তরে যোগাযোগ করলে তদন্তসংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, মহানগর পুলিশের কমিশনারসহ পদস্থ পুলিশ কর্মকর্তাদের তদারকির মাধ্যমে তদন্ত চলছে। নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা বলেন, ‘ক্ষমতার দ্বন্দ্ব থেকেই মূলত আবু তাহের হত্যা হয়েছে। ঘটনাটি ছিল পরিকল্পিত। তদন্তে খুনের কারণ সম্পর্কে অবহিত হওয়া গেছে। তবে যাঁদের সন্দেহজনকভাবে গ্রেপ্তার করা হয়েছিল, তাঁদের এর সঙ্গে সম্পৃক্ততার প্রমাণ না পাওয়ায় মামলার তদন্ত পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।’সিলেটের পুলিশ কমিশনার অমূল্য ভূষণ বড়ুয়া প্রথম আলোকে বলেন, ‘আমাদের পর্যবেক্ষণে ডিবি পুলিশ পুরো বিষয়টি তদন্ত করছে। তাড়াহুড়ো না করে খুব সতর্কতার সঙ্গে তদন্ত চলছে।’ খুনি শনাক্ত ও খুনের কারণ অচিরেই বের হবে বলে তিনি জানান।সিলেট মহানগর পুলিশের এক শীর্ষস্থানীয় কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, এ হত্যাকাণ্ডে সিবিএ রাজনীতির ভেতরকার বিষয় রয়েছে, তা মোটামুটি আমরা নিশ্চিত। তদন্তে আমরা এ রকম পেয়েছি। সিবিএর কর্মসূচি: আবু তাহের হত্যার এক বছর পূর্ণ হওয়ায় জালালাবাদ গ্যাসের সিবিএর নেতারা আজকের এ দিনকে ‘শাহাদাতবার্ষিকী’ হিসেবে পালন করবেন। আবু তাহেরের গ্রামের বাড়িতে কবর জিয়ারতের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হবে।