সিবিএর সেই নেতার বিরুদ্ধে তদন্ত কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যমুনা তেল বিপণন কোম্পানির সিবিএর সাধারণ সম্পাদক মোহাম্মদ এয়াকুবের ‘দুর্নীতি ও অবৈধ’ সম্পদ অর্জনের অভিযোগে মন্ত্রণালয়ের নির্দেশে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) এই তদন্ত কমিটি গঠন করে। কমিটির প্রধান করা হয়েছে বিপিসির উপমহাব্যবস্থাপককে।
মোহাম্মদ এয়াকুবের বিরুদ্ধে ‘পাহাড়সমান দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জন’-এর অভিযোগ করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিবের কাছে একটি চিঠি পাঠান যমুনা তেল কোম্পানির কর্মচারী মো. কুতুব উদ্দিন হোসেন। গত ৩০ এপ্রিল চিঠিটি পাঠানো হয়। এরপর ১৯ মে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিপিসির চেয়ারম্যানকে তাগাদা দেয় মন্ত্রণালয়।
যমুনা তেল কোম্পানি সূত্র জানায়, বিপিসি এই অভিযোগের পরিপ্রেক্ষিতে ২৭ মে এক সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে। কমিটির প্রধান করা হয় বিপিসির উপমহাব্যবস্থাপক এ টি এম সেলিমকে। তাঁকে ১৫ জুনের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়।
যমুনা অয়েল কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক আলিম উদ্দীন আহমেদ প্রথম আলোকে বলেন, ‘মন্ত্রণালয়ের নির্দেশে মোহাম্মদ এয়াকুবের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে বিপিসি। তাঁর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠে।’
২৩ মে ‘সিবিএ নেতাদের বিপুল সম্পদ অর্জন’ শিরোনামে একটি প্রতিবেদন প্রথম আলোর শেষ পৃষ্ঠায় প্রকাশিত হয়।
প্রতিবাদ: প্রথম আলোয় প্রকাশিত প্রতিবেদনের সব তথ্যই ভুয়া বলে মোহাম্মদ এয়াকুব দাবি করেন। তিনি বলেন, ‘আমার পরিবার একান্নবর্তী। আমার এক ভাই চাকরিজীবী ও আরেক ভাই বিদেশে ব্যবসা করেন। আমাদের যৌথ অর্থে পতেঙ্গায় আমার নামে একখণ্ড জমি কেনা হয়। আমার স্ত্রীর নামে আগ্রাবাদে কোনো জমি নেই। নিয়োগ, বদলি ও বিভিন্ন স্থাপনা থেকে অনৈতিক সুবিধা নেওয়ার বিষয়টিও সঠিক নয়।’
প্রতিবেদকের বক্তব্য: আগ্রাবাদে জমি কেনার বিষয়টি এয়াকুব নিজেই স্বীকার করেছিলেন। ওই জমির মালিক তাঁর স্ত্রী ছাড়াও সিবিএর সহসাধারণ সম্পাদক আবদুল মান্নান। আবদুল মান্নানও যৌথভাবে জমি কেনার বিষয়টি স্বীকার করেন, যা প্রতিবেদনে উল্লেখ আছে।