সিভিল অ্যাভিয়েশন গণপূর্ত ও রেজিস্ট্রেশন কমপ্লেক্সে দুদক দল
সরকারি তিনটি দপ্তরে গিয়ে সেখানকার কর্মকর্তাদের সঙ্গে দুর্নীতি দমন ও প্রতিরোধসংক্রান্ত বিভিন্ন বিষয়ে কথা বলেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
গতকাল বুধবার সকাল সাড়ে ১০টায় দুদকের মহাপরিচালক মুনির চৌধুরীর নেতৃত্বে সংস্থার ছয় সদস্যের একটি দল বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (সিভিল অ্যাভিয়েশন) দপ্তরে যায়। দলটি সংস্থার চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এহসানুল গণি চৌধুরীসহ শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে।
দুদকের দলটি সিভিল অ্যাভিয়েশনের কর্মকর্তাদের কাছে দুর্নীতিবিরোধী কর্মকাণ্ডে সহযোগিতা চায়। দুদকের কাজের প্রয়োজনে জরুরি ভিত্তিতে দ্রুত প্রয়োজনীয় তথ্য ও নথিপত্র দিয়ে সহায়তার কথা বলেন দুদক কর্মকর্তারা। সিভিল অ্যাভিয়েশনের পক্ষ থেকে দুদককে সব ধরনের সহায়তা দেওয়ার বিষয়ে আশ্বাস দেওয়া হয়। একই সময়ে দুদক পরিচালক খন্দকার এনামুল বাছিরের নেতৃত্বে আরেকটি দল তেজগাঁওয়ের রেজিস্ট্রেশন কমপ্লেক্সে যায়। সেখানে সেবাধর্মী ওই প্রতিষ্ঠানটির উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন তাঁরা। সেখানে উপস্থিত একাধিক ব্যক্তি বলেন, দুদক দল আসার খবরে কিছুটা আতঙ্কিত হয়ে পড়েন ওই দপ্তরের কর্মকর্তাসহ অনেকে। দুদকের দলটি ভেতরে ঢোকার আগে বেশ কয়েকটি দামি গাড়ি তাঁদের নজরে আসে। তাঁরা জানতে চান ওই সব গাড়ির মালিক কারা। পরে দুদকের কর্মকর্তারা ভেতরে যাওয়ার পরপরই গাড়িগুলো সরিয়ে নেওয়া হয় সেখান থেকে।
এদিকে দুদকের পরিচালক কাজী শফিকুল আলমের নেতৃত্বে আরেকটি দল গণপূর্ত অধিদপ্তরে গিয়ে সেখানকার কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। এর আগে গতকাল বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) কার্যালয় পরিদর্শন করেন দুদক কর্মকর্তারা। গুরুত্বপূর্ণ ২০টি সরকারি প্রতিষ্ঠানের দুর্নীতি প্রতিরোধ ও দমনে সংস্থার আট পরিচালকের নেতৃত্বে ১৯টি প্রাতিষ্ঠানিক দল গঠন করে দুদক।