২২ লাখ ৮০ হাজার টাকার সরকারি ওষুধ আত্মসাতের মামলায় চুয়াডাঙ্গা সিভিল সার্জন কার্যালয়ের সাবেক ভান্ডাররক্ষককে গ্রেপ্তার করেছে দুদক। দুদকের কুষ্টিয়া সমন্বিত কার্যালয়ের একটি দল গত সোমবার তাঁকে চুয়াডাঙ্গার সিভিল সার্জনের কার্যালয় চত্বর থেকে গ্রেপ্তার করে।
ওই কর্মকর্তার নাম এ কে এম ফজলুল হক (৪৯)। তিনি সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ইছাকুড় গ্রামের বাসিন্দা। তিনি বর্তমানে সাতক্ষীরা সিভিল সার্জন কার্যালয়ের জেলা রিজার্ভ স্টোরের গুদামরক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন।
গ্রেপ্তারের দিনই ওই ভান্ডাররক্ষককে বিকেল সাড়ে পাঁচটার দিকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) বিশেষ বিচার কোর্ট প্রসিকিউশন ইউনিট, কুষ্টিয়ার মাধ্যমে চুয়াডাঙ্গার মুখ্য বিচারিক হাকিমের আদালতে সোপর্দ করা হয়। আদালতের বিচারক এ বি এম মাহমুদুল হক তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
আদালত-সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০০৫ সালের ১৭ নভেম্বর থেকে ২০০৬ সালের ১৩ জুলাই পর্যন্ত চুয়াডাঙ্গার তৎকালীন সিভিল সার্জন নাজমুল হক ও ভান্ডাররক্ষক এ কে এম ফজলুল হক যোগসাজশ করে ২২ লাখ ৮০ হাজার টাকা দামের সরকারি ওষুধ আত্মসাৎ করেন। এ অভিযোগের ভিত্তিতে দুদকের কুষ্টিয়া সমন্বিত কার্যালয় অনুসন্ধানে নামে। ২০১৪ সালের ১৫ ডিসেম্বর দুদক কুষ্টিয়া সমন্বিত কার্যালয়ের তৎকালীন উপপরিচালক শহীদুল ইসলাম মোড়ল বাদী হয়ে চুয়াডাঙ্গায় মামলা করেন। এতে সিভিল সার্জন নাজমুল হক ও ভান্ডাররক্ষক এ কে এম ফজলুল হককে আসামি করা হয়। দুদক খুলনা বিভাগীয় কার্যালয় থেকে চলতি বছরের ৩ জানুয়ারি কুষ্টিয়া সমন্বিত কার্যালয়ের বর্তমান উপপরিচালক আবদুল গাফ্ফারকে মামলাটির তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করা হয়।
আবদুল গাফ্ফার বলেন, মামলাটি বিচারাধীন। প্রধান আসামি সাবেক সিভিল সার্জন নাজমুল হক পলাতক রয়েছেন। তাঁকে গ্রেপ্তারে অভিযান চলছে।