সিভিল সার্জন নেই, ৩০০ কর্মচারীর বেতন অনিশ্চিত
সিভিল সার্জন না থাকায় গোপালগঞ্জের স্বাস্থ্য বিভাগের প্রায় ৩০০ কর্মচারীর বেতন অনিশ্চিত হয়ে পড়েছে। জানা গেছে, গোপালগঞ্জ সিভিল সার্জন অফিস, গোপালগঞ্জ সদর হাসপাতাল, সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার কার্যালয় ও গোপীনাথপুর ১০ শয্যা হাসপাতালের প্রায় ৩০০ কর্মচারী ডিসেম্বর মাসের বেতন পাননি। হঠাৎ করে বেতন বন্ধ হয়ে যাওয়ায় নিম্ন আয়ের এসব কর্মচারী বেশ বিপাকে পড়েছেন। সিভিল সার্জন কার্যালয়ের প্রধান সহকারী জহুর মৃধা বলেন, নিয়োগজনিত অনিয়মের অভিযোগে গত ১৪ ডিসেম্বর গোপালগঞ্জের সিভিল সার্জন মুস্তাফিজুর রহমান মিয়াকে অন্যত্র বদলি করা হয়। এরপর গোপালগঞ্জ বক্ষব্যাধি ক্লিনিকের জুনিয়র কনসালট্যান্ট পরিমল সরকারকে সিভিল সার্জনের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়। কিন্তু তাঁকে অর্থনৈতিক কোনো ক্ষমতা দেওয়া হয়নি। গোপালগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালে কর্মরত তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারী শাহাদৎ হোসেন, জাহাঙ্গীর আলম, ডেবিড সিকদার ও অরবিন্দু জয় ধর জানিয়েছেন, হাসপাতালের তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীরা মাসিক বেতনের ওপর নির্ভরশীল। গত ডিসেম্বর মাসের বেতন না পেয়ে তাঁরা মানবেতর জীবনযাপন করছেন।হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা অসিত মল্লিক বলেন, তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীদের বেতন হয় সিভিল সার্জনের স্বাক্ষরে। কিন্তু ভারপ্রাপ্ত সিভিল সার্জনের স্বাক্ষরে তাঁদের বেতন হবে না। দ্রুত একজন সিভিল সার্জন নিয়োগ না দিলে এসব কর্মচারী বিপদে পড়বেন। ভারপ্রাপ্ত সিভিল সার্জন পরিমল সরকার বলেন, ‘আমাকে ভারপ্রাপ্ত সিভিল সার্জনের দায়িত্ব দেওয়া হয়েছে। অর্থনৈতিক দায়িত্ব ছাড়া সব ক্ষমতাই দেওয়া হয়েছে। তখন আমাকে বলা হয়েছিল, শিগগিরই একজন নতুন সিভিল সার্জন দেওয়া হবে। সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শফিকুল আলম ভারতে প্রশিক্ষণে আছেন। এই কারণে তাঁর অফিসের বেতন-ভাতাও সিভিল সার্জন স্বাক্ষর করতেন।’