সিভিল সার্জনকে ২৪ ঘণ্টার মধ্যে অপসারণ দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁয় এক ক্লিনিক মালিককে কারাদণ্ড দেওয়ার প্রতিবাদে জেলা সিভিল সার্জন মোজাহার হোসেন ও ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট জুনায়েদ কবিরকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে অপসারণের দাবি জানিয়েছে বেসরকারি ক্লিনিক মালিকদের সংগঠন।
বাংলাদেশ প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশনের (বিপিসিডিওএ) নওগাঁ শাখার সাধারণ সম্পাদক আতাউর রহমান গতকাল বুধবার এক সংবাদ সম্মেলনে ওই দাবি জানান।
আতাউর রহমান আগামী ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্তদের অপসারণ ও জমিলা রোগমুক্তি ক্লিনিকের মালিক জাহিদুল ইসলামকে মুক্তি দেওয়ার দাবি জানান। তিনি বলেন, এই সময়ের মধ্যে সংগঠনের সদস্য ক্লিনিকগুলোতে চিকিৎসাসেবা বন্ধ থাকবে। লিখিত বক্তব্যে তিনি বলেন, দাবি আদায় না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
সংবাদ সম্মেলনে সমিতির নওগাঁ শাখার সভাপতি রেজাউল মাহমুদ বলেন, জমিলা রোগমুক্তি ক্লিনিকের মালিককে হয়রানি করতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে গ্রেপ্তার ও কারাদণ্ড দেওয়া হয়েছে।
সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, নওগাঁয় নিবন্ধন করা ১৫০টির বেশি ক্লিনিক রয়েছে। এ জেলার ৩৯টি ক্লিনিক সমিতির সদস্য। ক্লিনিক পরিচালনায় অনিয়ম পাওয়ায় ১৫ মে জমিলা রোগমুক্তি ক্লিনিকের মালিক জাহিদুল ইসলামকে গ্রেপ্তার করেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় আদালত ওই ক্লিনিকের মালিককে তিন মাসের কারাদণ্ড দেন ও পাঁচ হাজার টাকা জরিমানা করেন।
এ সম্পর্কে নওগাঁর সিভিল সার্জন মোজাহের হোসেন প্রথম আলোকে বলেন, ‘কাউকে গ্রেপ্তার করার ক্ষমতা তো আমার নেই। এটা ভ্রাম্যমাণ আদালতের এখতিয়ার। তবে আমি জেলার একজন দায়িত্বশীল সরকারি কর্মকর্তা হিসেবে বলতে পারি, ক্লিনিক বন্ধ ঘোষণা এবং এর পরিচালককে গ্রেপ্তারের অনেক কারণ পাওয়া গেছে।’ তিনি জানান, ওই ক্লিনিক অনুমোদন হয়েছে ১০ শয্যার। কিন্তু অভিযানের দিন দেখা যায়, বিধিবহির্ভূতভাবে ওই ক্লিনিকে ২৮ শয্যা রয়েছে। তা ছাড়া একটি ক্লিনিকে সার্বক্ষণিক তিনজন এমবিবিএস চিকিৎসক থাকতে হয়। তবে ওই দিন কোনো চিকিৎসক ছিলেন না। খোঁজ নিয়ে জানা যায়, মাত্র একজন চিকিৎসক দিয়ে ওই ক্লিনিক পরিচালনা করা হয়। আবার ডিপ্লোমা নার্স সার্বক্ষণিক থাকার কথা ছয়জন। কিন্তু সেখানে ওই দিন কোনো নার্সকেই পাওয়া যায়নি।
তবে জমিলা ক্লিনিকের মালিকের মেয়ে জাকিয়া সুলতানা জানান, ওই দিন শুক্রবার হওয়ায় নামাজের সময় ক্লিনিকে পর্যাপ্ত লোকবল ছিল না। ওই সময় অভিযান পরিচালনা করায় নির্দিষ্টসংখ্যক চিকিৎসক ও নার্স অনুপস্থিত ছিলেন।