ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন কার্যালয়ের অধীনে জেলার সব কটি উপজেলার স্বাস্থ্যপ্রতিষ্ঠানের ১১টি পদে ১৭২ জনকে নিয়োগে বড় ধরনের অনিয়মের অভিযোগ উঠেছে। ঘুষ নিয়েও চাকরি না দেওয়ার অভিযোগে বুধবার রাতে সিভিল সার্জনসহ চারজনের বিরুদ্ধে কসবা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
সিভিল সার্জন নারায়ণ চন্দ্র দাসের বিরুদ্ধে ১৭২টি পদে প্রত্যেক প্রার্থীর কাছ থেকে চার-পাঁচ লাখ টাকা ঘুষ গ্রহণের অভিযোগ পাওয়া গেছে। এ হিসাবে এই নিয়োগ থেকে কয়েক কোটি টাকা হাতিয়ে নিয়েছেন তিনি। ব্রাহ্মণবাড়িয়ায় উপস্থিত না থেকেও নিয়োগপ্রাপ্তদের স্বাস্থ্যপরীক্ষার সনদ ও যোগদানপত্রে স্বাক্ষর করার অভিযোগও মিলেছে তাঁর বিরুদ্ধে।
ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি বছরের ১৩ জানুয়ারি দৈনিক ইত্তেফাক ও স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটের ঠিকানায় স্বাস্থ্য বিভাগের অধীনে ব্রাহ্মণবাড়িয়ার সব কটি উপজেলায় স্বাস্থ্য সহকারীসহ ১১টি পদে মোট ১৭২ জনকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এসব পদের বিপরীতে ১০ হাজার ৫০০ জন আবেদন করেন। ২৮ মার্চ লিখিত নিয়োগ পরীক্ষা হয়। প্রতি পদের বিপরীতে পাঁচজনকে পাস দেখিয়ে ৩ এপ্রিল ফলাফল প্রকাশ করা হয়। ১৬ মে স্বাস্থ্য অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কর্মকর্তার কার্যালয়ে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। ২৪ জুলাই নিয়োগের ১৭২ জনের চূড়ান্ত তালিকা প্রকাশিত হয়। এ ঘটনায় রাহাত সুলতানা বাদী হয়ে বুধবার রাতে ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন নারায়ণ চন্দ্র দাসসহ চারজনের বিরুদ্ধে কসবা থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ অভিযোগটি জিডি হিসেবে গ্রহণ করে এবং দুর্নীতি দমন কমিশনে (দুদক) পাঠানোর জন্য গত বৃহস্পতিবার সকালে ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপারের কার্যালয়ে পাঠায়।
এ বিষয়ে কসবা থানার পরিদর্শক (তদন্ত) মফিজ উদ্দিন ভূঁইয়া বলেন, সরকারি চাকরিজীবী হওয়ায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে অভিযোগটি থানায় জিডি হিসেবে গ্রহণ করা হয়। অভিযোগটি পুলিশ সুপারের মাধ্যমে দুদকে পাঠানো হবে।
পুলিশ সুপার মো. মুনিরুজ্জামান বলেন, এ ধরনের অভিযোগ থানায় হয় না। তাই এটি দুদকে পাঠানো হবে।
অভিযোগ সূত্রে জানা গেছে, স্বাস্থ্য সহকারী পদে চাকরি দেওয়ার আশ্বাসে কসবা উপজেলার জাজিসার গ্রামের রাহাত সুলতানা, কুটি গ্রামের সফিউল হক, আড়াইবাড়ী গ্রামের সৌজনা আক্তার, শাহপুর গ্রামের ফোরকানুল হক ভূঁইয়া, আড়াইবাড়ী গ্রামের মাকসুদুর রহমান, মইনপুর গ্রামের জহিরুল ইসলাম, চড়নাল গ্রামের নয়নতারা, দিনা আক্তার, রাণিয়ারা গ্রামের মো. বাছির মিয়া, মূলগ্রাম গ্রামের ফারজানা আক্তার, মজলিশপুর গ্রামের সেলিনা আক্তার ও হুমায়ুন কবিরের কাছ থেকে সিভিল সার্জন নারায়ণ চন্দ্র দাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কোষাধ্যক্ষ বিল্লাল হোসেন, অফিস সহকারী রাজিয়া সুলতানা ও নিরাপত্তা প্রহরী শাহীন মিয়ার মাধ্যমে ১২ মে ৩৬ লাখ টাকা ঘুষ নেন।
মইনপুর গ্রামের জহিরুল গত বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, তাঁরা ১২ জন গত ১২ মে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩৬ লাখ টাকা নিয়ে আসেন। জরুরি বিভাগের পূর্ব পাশের একটি কক্ষে বিল্লাল, রাজিয়া ও শাহীনের সঙ্গে কথা বলেন। পরে ওই তিনজনসহ তাঁরা তিনটি সিএনজিচালিত অটোরিকশায় ব্রাহ্মণবাড়িয়ায় সিভিল সার্জনের কার্যালয়ে যান। সেখানে নারায়ণ চন্দ্রের কাছে টাকা লেনদেন করেন। টাকা নিয়েও পরে তাঁদের নিয়োগ দেওয়া হয়নি। আরও বেশি টাকা নিয়ে অন্যদের নিয়োগ দেওয়া হয়েছে।
গতকাল শুক্রবার কসবা উপজেলা সদরে মাইকে প্রচারণা চালানো হয়, আগামী রোববার উৎকোচ নিয়েও চাকরি না দেওয়ার প্রতিবাদে বেলা ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সমাবেশ করা হবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২৭ জুলাই স্বাস্থ্যপরীক্ষা না নিয়ে সিভিল সার্জন ঢাকায় বসে নিয়োগপ্রার্থীদের স্বাস্থ্যপরীক্ষা ও চাকরিতে যোগদানের কাগজপত্রে স্বাক্ষর করেন। ওই দিন সরেজমিনে তাঁর কার্যালয়ে গিয়ে সিভিল সার্জন এবং স্বাস্থ্যপরীক্ষার জন্য কোনো চাকরিপ্রার্থীকেই পাওয়া যায়নি। তবে সিভিল সার্জনের দাবি, তিনি ২৭ তারিখের ছুটি বাতিল করেছিলেন।
এ বিষয়ে সিভিল সার্জনের দায়িত্বে থাকা ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শওকত হোসেন বলেন, ‘২৫ জুলাই থেকে ৩০ জুলাই পর্যন্ত তিনি (নারায়ণ চন্দ্র) ছুটিতে ছিলেন। তবে তিনি ২৭ তারিখের ছুটি বাতিল করেছেন বলে আমাকে মুঠোফোনে জানিয়েছেন। ওই দিন তিনি অফিস করেছেন কি না, তা আমার জানা নেই। গতকাল তাঁর যোগদানের কথা থাকলেও ঢাকায় কাজ আছে বলে জানিয়েছেন তিনি।’
নাম প্রকাশ না করার শর্তে সিভিল সার্জন কার্যালয়ের কয়েকজন কর্মকর্তা প্রথম আলোকে জানান, ১৭২টি পদে প্রত্যেক প্রার্থীর কাছ থেকে চার-পাঁচ লাখ টাকা ঘুষ নিয়েছেন সিভিল সার্জন। এ ছাড়া তাঁর কার্যালয়ের হিসাবরক্ষক খন্দকার শফিকুর রহমান স্বাস্থ্যপরীক্ষা ও চাকরিতে যোগদানের যাবতীয় নথিপত্র ঢাকায় নিয়ে সিভিল সার্জনের স্বাক্ষর নিয়ে আসেন।
বৃহস্পতিবার সিভিল সার্জন কার্যালয়ে গিয়ে জানা গেছে, ২৫ থেকে ৩০ জুলাই পর্যন্ত সিভিল সার্জন ছুটিতে ছিলেন। নিয়োগপত্রে ৩১ জুলাইয়ের মধ্যে নিয়োগপ্রাপ্তদের যোগদানের কথা উল্লেখ করা হয়। বৃহস্পতিবার সিভিল সার্জন কর্মস্থলে যোগদান না করায় নিয়োগপ্রাপ্ত ব্যক্তিরা বিপাকে পড়েন। তাঁরা দিনভর সিভিল সার্জন কার্যালয় ও সদর হাসপাতালে দৌড়াদৌড়ি করেন।
আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রীর ব্যক্তিগত সহকারী রাশেদুল কাইসার গত বুধবার মুঠোফোনে প্রথম আলোকে বলেন, কসবা ও আখাউড়া উপজেলায় কোনো বিধিমালা না মেনে দুর্নীতির মাধ্যমে লোক নিয়োগের অভিযোগটি তিনি আইনমন্ত্রীর কাছে অবহিত করেছেন। রাশেদুল আরও বলেন, ঘুষ নিয়ে সিভিল সার্জন দুটি উপজেলার অন্তত ২২ জনকে চাকরি দিয়েছেন বলে তিনি নিশ্চিত হয়েছেন।
ব্রাহ্মণবাড়িয়ার-৩ আসনের প্রয়াত সাংসদ লুৎফুল হাইয়ের স্ত্রী ফরিদা হাই বলেন, তাঁর গৃহপরিচারক মুছা মিয়ার কাছে ঝাড়ুদার পদে চাকরি দেওয়ার জন্য তিন লাখ টাকা ঘুষ চেয়েছিলেন সিভিল সার্জন। এ ঘটনায় তিনি স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী মো. নাসিমের কাছে সিভিল সার্জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন। শিগগিরই আইনমন্ত্রীর কাছেও অভিযোগ দেবেন বলে উল্লেখ করেন তিনি।
ঘুষ গ্রহণে মধ্যস্থতা করার অভিযোগ অস্বীকার করে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কোষাধ্যক্ষ বিল্লাল হোসেন বলেন, ‘টাকা নেওয়ার বিষয়টি সম্পূর্ণ মিথ্যা।’
অভিযোগ অস্বীকার করে সিভিল সার্জন মুঠোফোনে গত বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, নিয়োগ দেওয়ার কোনো ক্ষমতা সিভিল সার্জনের নেই। তিনি বলেন, যাঁরা অভিযোগ করেছেন, তাঁদের কাউকে তিনি চেনেন না। কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের যে তিনজন কর্মচারীর বিরুদ্ধে তাঁর হয়ে ঘুষ গ্রহণের অভিযোগ উঠেছে, তাঁদের মধ্যে মাত্র একজনকে চেনেন তিনি। ২৭ তারিখে নিজ কার্যালয়ে ছিলেন কি না এবং নিয়োগপ্রাপ্তদের স্বাস্থ্যপরীক্ষার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ওই দিন তিনি কার্যালয়ে উপস্থিত ছিলেন। সেদিন সরেজমিনে গিয়ে তাঁকেসহ কাউকেই স্বাস্থ্যপরীক্ষার জন্য পাওয়া যায়নি উল্লেখ করলে সিভিল সার্জন বলেন, অল্প সময় উপস্থিত থেকে তিনি চলে যান।