মুন্সিগঞ্জ শহরের শিল্পকলা একাডেমী ভবনসংলগ্ন স্থানে এক একর ৬৮ শতাংশ জমি নিয়ে সিভিল সার্জনের কার্যালয় ও পৌরসভার মধ্যে রশি টানাটানি চলছে। এ নিয়ে গতকাল বৃহস্পতিবার দুই পক্ষের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ১৫ জন আহত হন।আহত ফার্মাসিস্ট আবদুল আজিজ, স্বাস্থ্য পরিদর্শক নুরুল আমিন ও স্বাস্থ্য সহকারী শাহ আলমকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া স্টাফ নার্স রানী সাহা, বিউটি সুতার, শাহনাজ বেগম, হোসনে আরা বেগম, শিউলি আক্তার, পারভিন আক্তার, স্বাস্থ্য সহকারী ইসমাইল হোসেন, অফিস সহকারী নাসির হোসেন, নার্স ইনস্টিটিউটের ছাত্রী শাহনাজ আক্তার, তাছলিমা বেগম, হোসনে আরা ও আমেনা আক্তারকে চিকিৎসা দেওয়া হয়েছে।জানা গেছে, শহরের পুরোনো হাসপাতালপাড়ায় স্বাস্থ্য বিভাগের জমি ও স্থাপনা দখলের প্রদিবাদে স্বাস্থ্য বিভাগ গতকাল ১০টা থেকে এক ঘণ্টা কর্মবিরতি পালন করে স্মারকলিপি, মানববন্ধন ও মৌন মিছিল করে।প্রত্যক্ষদর্শী সুমিত সরকার বলেন, স্মারকলিপি প্রদান শেষে স্বাস্থ্য বিভাগের প্রায় ৪০০ চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারী জেলা কালেক্টরেট ভবনের সামনে মানববন্ধন শেষে মৌন মিছিল করে উপজেলা স্বাস্থ্য কার্যালয়ের দিকে যাচ্ছিলেন। তাঁরা পৌর ভবন অতিক্রম করার সময় পৌর কর্মচারীরা ময়লার ভ্যান রেখে বাধার সৃষ্টি করেন এবং তাঁদের ওপর হামলা চালান। এ সময় শহরের প্রাণকেন্দ্রে হট্টগোল বেধে যায়। পথচারীরা দিগ্বিদিক ছোটাছুটি শুরু করে।অনুসন্ধানে জানা গেছে, শিল্পকলা ভবনসংলগ্ন পুরোনো হাসপাতাল নামে পরিচিত স্থানে এক একর ৬৮ শতাংশ জমির ওপর দীর্ঘদিন ধরে হাসপাতালের কার্যক্রম চলে আসছিল। সেখানে সিভিল সার্জনের সদর উপজেলা স্বাস্থ্য বিভাগের কার্যক্রমও চলছিল। এ ছাড়া কয়েকটি কোয়ার্টার তৈরি করে স্বাস্থ্য বিভাগের লোকজন বসবাস করে আসছিলেন। সম্প্রতি মুন্সিগঞ্জ পৌরসভা ওই জায়গাটি দাবি করলে দেখা দেয় বিপত্তি। পৌরসভা দাবি করে, বর্তমান আরএস রেকর্ডে ওই জায়গা টাউন কমিটির নামে রেকর্ড রয়েছে। পৌরসভা হওয়ার পর ২০০২ সালে ভূমি অফিস থেকে খাজনা দেওয়ার জন্য পৌরসভাকে চিঠিও দেওয়া হয়েছে। ২০০৩ সালে পৌরসভা ওই জায়গার বিপরীতে খাজনাও দেয়। এর ভিত্তিতে পৌরসভা ওই জায়গা তাদের দাবি করে।এ ব্যাপারে পৌরসভার মেয়র মুজিবুর রহমান প্রথম আলোকে বলেন, ‘এই জমি আরএস রেকর্ডে টাউন কমিটির নামে রেকর্ড আছে। আমরা খাজনাও দিয়েছি। তাই রেকর্ড অনুযায়ী এ জায়গা পৌরসভার।’ গতকালের হামলার ব্যাপারে তিনি বলেন, মিছিল থেকে উসকানিমূলক স্লোগান দিলে পৌরসভা ভবনের সামনে উত্তেজনার সৃষ্টি হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।সিভিল সার্জন মোসলেহ উদ্দিন বলেন, ব্রিটিশ আমল থেকে এই জমি স্বাস্থ্য বিভাগ ভোগ দখল করে আসছে। আরএস রেকর্ডে টাউন কমিটির নামে ভুলক্রমে রেকর্ড হয়ে যায়। আর রেকর্ডের বলে পৌরসভা কয়েকবার খাজনা দেয়। এতেই তারা তাদের জমি দাবি করছে। কোনো জমির খাজনা যে কেউ দিতে পারে, এতে কোনো বাধা নেই। খাজনা দিলেই জমির মালিক বনে যাওয়া যায় না। গতকালের তাদের মৌন মিছিলে পৌরসভার কর্মচারীরা হামলা করেন।সহকারী কমিশনার ভূমি (সদর) মাহবুবুর রহমান জানান, এই জমির মালিকানা নির্ধারণে এখন আদালতই ভয়সা। খাজনা দেওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘কোনো জমির খাজনা যে কেউ দিতে পারে। এটা আমরা গ্রহণ করি। তার মানে এই নয় যে সে মালিক হয়ে যাবে।’এ প্রসঙ্গে সহকারী পুলিশ সুপার সাহেদ ফেরদৌস জানান, ঘটনার পর পরই পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটানায় থানায় কোনো মামলা হয়নি।