রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিতকরণ এবং চিকিৎসকদের অনিয়ম ও দুর্নীতি বন্ধের দাবি জানানো হয়েছে। একই সঙ্গে নগরের অবৈধ ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার (রোগনির্ণয় কেন্দ্র) ও প্যাথলজি বন্ধের দাবি জানানো হয়েছে। এসব দাবিতে গতকাল সোমবার রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদ নগরে মিছিল ও সমাবেশ করেছে। এসব দাবি বাস্তবায়নের জন্য এই সংগঠনের পক্ষ থেকে রাজশাহীর সিভিল সার্জনের কার্যালয় ঘেরাও করা হয়।দুপুর ১২টায় রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের লোকজন নগরে বিক্ষোভ মিছিল ও সমাবেশের পর সিভিল সার্জনের কার্যালয় ঘেরাও করেন। পরে এই সংগঠনের পক্ষ থেকে জেলা প্রশাসকের মাধ্যমে স্বাস্থ্যমন্ত্রী বরাবর স্মরকলিপি পেশ করা হয়। স্মরকলিপির অনুলিপি রাজশাহী সিটি করপোরেশনের মেয়র, রাজশাহী-২ আসনের সাংসদ, বিভাগীয় কমিশনার, রাজশাহী মহানগর পুলিশ কমিশনার, রামেক হাসপাতালের পরিচালক, অধ্যক্ষ ও সিভিল সার্জনের কার্যালয়ে পাঠানো হয়।স্মারকলিপিতে উল্লেখ করা হয়, বর্তমানে রাজশাহীর চিকিৎসাসেবা ভেঙে পড়েছে। সিভিল সার্জনের কার্যালয় থেকে সনদ নিয়ে নগরে অবৈধভাবে অনেক ক্লিনিক, ডায়াগনস্টিক ও প্যাথলজি সেন্টার গড়ে উঠেছে। রামেক হাসপাতালে চিকিৎসাসেবার পরিবর্তে রোগীরা নাজেহাল হচ্ছে। এই হাসপাতালের চিকিৎসকেরা হাসপাতালে চিকিৎসাসেবা দেওয়ার পরিবর্তে অবৈধ ক্লিনিকগুলোর মাধ্যমে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে। স্মারকলিপিতে হাসপাতালের এসব অনিয়ম ও দুর্নীতি বন্ধসহ অবৈধ ক্লিনিক, ডায়াগনস্টিক ও প্যাথলজি সেন্টার বন্ধের জোর দাবি জানানো হয়।এর আগে বেলা ১১টায় রাজশাহী নগরের সাহেববাজার জিরো পয়েন্টে প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করে রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদ। এতে সংগঠনটির আহ্বায়ক জামাত খান সভাপতিত্ব করেন। তিনি বলেন, রাজশাহীর চিকিৎসাব্যবস্থা নিয়ে চিকিৎসকদের বাণিজ্য অবিলম্বে বন্ধ না হলে রাজশাহীবাসীকে নিয়ে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে।