সর্বোচ্চ ১৫ দিনের মধ্যে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্স চালু করা হবে বলে ব্রাহ্মণবাড়িয়ার ভারপ্রাপ্ত সিভিল সার্জন এক অনুষ্ঠানে ঘোষণা দিয়েছিলেন। কিন্তু এর পর তিন মাস পার হলেও আজ পর্যন্ত ওই ঘোষণা কার্যকর হয়নি। জানা গেছে, স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্স চালক হুমায়ুন কবির মাসের অধিকাংশ সময়ই কর্মস্থলে অনুপস্থিত থাকেন। তিনি যোগ দেওয়ার কয়েক দিনের মধ্যেই হাসপাতালের অ্যাম্বুলেন্সটিকে ইচ্ছাকৃতভাবে বিকল করে গ্যারেজে ফেলে রেখেছেন। গত ৩০ মার্চ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে স্থানীয় মুক্তিযোদ্ধাদের মধ্যে স্বাস্থ্য কার্ড বিতরণ অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) আবু সাঈদ ১৫ দিনের মধ্যে ওই অ্যাম্বুলেন্স সার্ভিস চালু করার ঘোষণা দেন।উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. সাদেক মিয়া বলেন, ‘অ্যাম্বুলেন্সের চালককে একাধিকবার নোটিশ প্রদান এমনকি তাঁর বেতন বন্ধ করে দিয়েও কোনো প্রতিকার পাচ্ছি না। অ্যাম্বুলেন্সটিও সে বিকল করে ফেলে রেখেছে।’ হুমায়ুন কবির বলেন, ‘আমি অ্যাম্বুলেন্স নষ্ট করিনি। এটি আগে থেকেই নষ্ট।’ তবে অনুপস্থিতি ও জেলা সদরে প্রাইভেট অ্যাম্বুলেন্স ব্যবসার তিনি বিষয়টি এড়িয়ে যান।সিভিল সার্জন সরফরাজ খান চৌধুরী বলেন, ‘আমি আবারও খতিয়ে দেখে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’