ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন পদে চলতি দায়িত্ব পেলেও এক চিকিৎসক দায়িত্ব নিতে পারছেন না। একজন স্বাচিপ নেতা চেয়ারটি দখল করে আছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সদ্য বিদায়ী সিভিল সার্জন সাত দিন আগে তাঁকে ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব দিয়ে যান।
সরকারপন্থী চিকিৎসকদের সংগঠন স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) নেতারা বলছেন, ওই চিকিৎসক বিএনপি-জামায়াতপন্থীদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সঙ্গে জড়িত। তবে ওই চিকিৎসক বলেছেন, তিনি কোনো সংগঠনের সঙ্গেই জড়িত নন।
সিভিল সার্জনের চলতি দায়িত্ব পাওয়া চিকিৎসকের নাম আবু ছালেহ্ মুসা খান। তিনি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা। অন্যদিকে ভারপ্রাপ্ত সিভিল সার্জনের দায়িত্বে থাকা ব্যক্তির নাম মো. শাহআলম। তিনি আখাউড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও স্বাচিপের জেলা শাখার সাধারণ সম্পাদক।
সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন হাসিনা আক্তার ১ জানুয়ারি থেকে অবসর-প্রস্তুতিকালীন ছুটিতে (এলপিআর) যান। তার আগে গত ২৯ ডিসেম্বর তিনি আখাউড়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা শাহআলমের কাছে সিভিল সার্জনের দায়িত্ব বুঝিয়ে দেন। হাসিনা আক্তার এ বিষয়ে একটি চিঠি দিয়ে স্বাস্থ্য বিভাগের চট্টগ্রাম বিভাগীয় পরিচালককে অবগত করেন। তার আগেই গত ২৭ ডিসেম্বর স্বাস্থ্য মন্ত্রণালয় ব্রাহ্মণবাড়িয়া সদরের পরিবার পরিকল্পনা কর্মকর্তা মুসা খানকে জেলার সিভিল সার্জনের চলতি দায়িত্ব দিয়ে প্রজ্ঞাপন জারি করে। ওই আদেশে ৩১ ডিসেম্বরের পর তাঁকে যোগদান করতে বলা হয়। তারপরও কেন শাহআলমকে ভারপ্রাপ্ত সিভিল সার্জনের দায়িত্ব দেওয়া হলো, এ নিয়ে জোর আলোচনা রয়েছে। তবে সদ্য বিদায়ী সিভিল সার্জন হাসিনা আক্তার বলেন, তিনি এর আগেও যখন ছুটিতে গেছেন, তখন শাহআলমকে দায়িত্ব দিয়ে গেছেন।
মুসা খান গত সোমবার সিভিল সার্জন কার্যালয়ে যোগদান করতে যান। কিন্তু শাহআলম ওই দিন অফিসে অনুপস্থিত ছিলেন। ফলে মুসা খান স্বাস্থ্যসচিবের কাছে তাঁর যোগদানপত্র পাঠান। গত মঙ্গলবার শাহআলম কর্মস্থলে এলেও মুসা খানকে দায়িত্ব বুঝিয়ে দেননি। এদিন দুজনই সিভিল সার্জনের কক্ষে বসে অফিস করেন। তবে সিভিল সার্জনের চেয়ারে বসেন শাহআলম। গত বুধবারও একই চিত্র ছিল।
এ বিষয়ে শাহআলম বলেন, মুসা খান স্বাচিপের সদস্য নন। তিনি ড্যাবের কর্মী। তাই কেন্দ্রীয় স্বাচিপের নির্দেশে জেলা স্বাচিপ তাঁকে (শাহআলমকে) সিভিল সার্জনের চেয়ারে বসিয়েছে।
জেলা স্বাচিপের কয়েকজন নেতা অভিযোগ করে বলেন, মুসা খান ড্যাবের ব্রাহ্মণবাড়িয়া শাখার যুগ্ম সাধারণ সম্পাদক। তাঁর ফেসবুক অ্যাকাউন্ট খুললেই বোঝা যাবে তিনি কোন ঘরানার লোক। স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে মুসাকে সিভিল সার্জনের চলতি দায়িত্ব দেওয়ার আদেশ প্রত্যাহারের দাবি জানিয়েছেন স্বাচিপ নেতারা। বিষয়টি তাঁরা স্বাস্থ্যমন্ত্রীকেও । তবে তিনি বর্তমানে সিঙ্গাপুরে রয়েছেন। মন্ত্রী বলেছেন, ৫ জানুয়ারি দেশে ফিরে তিনি প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।
তবে মুসা খান বলেন, ‘আমি স্বাচিপ না করলেও কোনো সংগঠনের সঙ্গে জড়িত নই। সচিব কমিটির করা তালিকা (ফিটলিস্ট) দেখেই আমাকে পদায়ন করা হয়েছে। আমার ৩২ বছরের চাকরিজীবনে কোনো স্পট নেই। আমি অতি সাধারণ মানুষ।’ তিনি বিষয়টি স্বাস্থ্যসচিব, বিভাগীয় কর্মকর্তা, জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে জানিয়েছেন।
জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান প্রথম আলোকে বলেন, ‘বিষয়টি আমার এখতিয়ারে নেই। এটি সম্পূর্ণ চিকিৎসকদের বিষয়। তাঁরাই এর সমাধান করবেন। আমি শিগগিরই স্বাস্থ্য মন্ত্রণালয়ে যোগাযোগ করব।’