সিভিল সার্জনের বিচারের দাবিতে প্রতীকী অনশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর সিভিল সার্জনের বিরুদ্ধে জেলা স্বাস্থ্য বিভাগে লোক নিয়োগে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে তাঁর বিচারের দাবি জানানো হয়েছে। এ দাবিতে স্থানীয় মুক্তিযোদ্ধারা শহরের শহীদ মিনার চত্বরে গতকাল শনিবার থেকে প্রতীকী অনশন কর্মসূচি শুরু করেছে। স্থানীয় সাংসদ আসাদুজ্জামান নূর শহীদ মিনারে এসে মুক্তিযোদ্ধাদের দাবির সঙ্গে একাত্মতা ঘোষণা করেন এবং বেলা দুইটা ৪৫ মিনিটে পানি খাওয়ানোর মাধ্যমে মুক্তিযোদ্ধাদের অনশন ভঙ্গ করান।এ সময় আসাদুজ্জামান নূর বলেন, ‘সিভিল সার্জন অফিসে যে ঘটনা ঘটেছে তা খুবই দুঃখজনক ও লজ্জার। এ বিষয়ে আমরা দুর্নীতি দমন কমিশনে অভিযোগ করেছি। আমরা সরকারের ঘোষিত দুর্নীতিবিরোধী বাংলাদেশ গড়ার জন্য নিয়মতান্ত্রিকভাবে আন্দোলন করে যাব।’নীলফামারী জেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে সকাল ১০টা থেকে এ কর্মসূচি চলছে। জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার জয়নাল আবেদীন অভিযোগ করেন, সিভিল সার্জন আবদুর রশিদ আকন্দের অধীনে জেলা স্বাস্থ্য বিভাগে কোটি টাকার ঘুষ-বাণিজ্য করে লোক নিয়োগ করা হয়েছে। মুক্তিযোদ্ধার কোটায় অমুক্তিযোদ্ধার পোষ্যদের টাকার বিনিময়ে চাকরি দেওয়া হয়েছে। সাধারণ কোটায়ও ঘুষ-বাণিজ্য হয়েছে। জয়নাল আবেদীন বলেন, ‘এসব অনিয়ম ও দুর্নীতির সঙ্গে জড়িত সিভিল সার্জনের বিচারের দাবিতে আমরা ১১ সেপ্টেম্বর থেকে আন্দোলন কর্মসূচি চালিয়ে যাচ্ছি। একই দাবিতে আজ আমরা মুক্তিযোদ্ধা জনতা ঐক্যবদ্ধভাবে এ প্রতীকী অনশন কর্মসূচি পালন করছি। সিভিল সার্জনের বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।’সিভিল সার্জন আবদুর রশিদ আকন্দ লোক নিয়োগে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, ‘নিয়ম অনুযায়ী লোক নিয়োগ করা হয়েছে। কোনো অনিয়ম-দুর্নীতি হলে দুর্নীতি দমন কমিশন দেখবে। তা ছাড়া এ নিয়োগ আমি একা দিইনি, পাঁচ সদস্যের নিয়োগ কমিটি নিয়োগ দিয়েছে।’ জেলার চিকিৎসা কেন্দ্র ও কার্যালয়গুলোতে বিভিন্ন পদে লোক নিয়োগের জন্য গত ২১ মে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। গত ১৫ আগস্ট থেকে ২৫ আগস্ট পর্যন্ত কয়েকটি পদের প্রার্থীদের মৌখিক পরীক্ষা হয়। ১১ সেপ্টেম্বর ফলাফল প্রকাশ করা হয়। ওই দিনই দুর্নীতির মাধ্যমে এসব পদে লোক নিয়োগের অভিযোগ তুলে সিভিল সার্জনের অপসারণ ও গ্রেপ্তারের দাবিতে আন্দোলন করে আসছেন মুক্তিযোদ্ধারা। জেলা মুক্তিযোদ্ধা সংসদ এ আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে।