সিভিল সার্জনের বিরুদ্ধে আ.লীগ নেতার মামলা
শরীয়তপুরের সিভিল সার্জন মো. গোলাম সারোয়ারের বিরুদ্ধে এক কোটি টাকার মানহানি মামলা করেছেন ভেদরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মান্নান বেপারী। গতকাল সোমবার শরীয়তপুরের মুখ্য বিচারিক হাকিম আদালতে মামলাটি করা হয়। বিচারিক হাকিম অশোক কুমার দত্ত মামলাটি আমলে নিয়ে আগামী ৩০ নভেম্বর সিভিল সার্জনকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন।সংশ্লিষ্ট সূত্র জানায়, শরীয়তপুরের বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর ৮৩টি পদে নিয়োগ-প্রক্রিয়ায় সিভিল সার্জনের বিরুদ্ধে উৎকোচ নেওয়ার অভিযোগ করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে। এর প্রতিক্রিয়ায় সিভিল সার্জন মো. গোলাম সারোয়ার বিভিন্ন গণমাধ্যমে অভিযোগ করেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাঁর শ্যালকের চাকরির জন্য সুপারিশ করেছিলেন। চাকরি না হওয়ায় তিনি তাঁর বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন। এ সংক্রান্ত একটি সংবাদ কয়েকটি জাতীয় দৈনিকে প্রকাশিত হয়। এ ঘটনায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পক্ষে ভেদরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মান্নান বেপারী এক কোটি টাকার মানহানি মামলা দায়ের করেন।এদিকে সিভিল সার্জনের বিরুদ্ধে উৎকোচ নিয়ে চাকরি দেওয়ার অভিযোগে জেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে গত রোববার রাতে প্রতিবাদ সভা করেছে। নিয়োগ-প্রক্রিয়া বন্ধ, দুর্নীতিগ্রস্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ ও নতুন করে নিয়োগ-প্রক্রিয়া শুরুর দাবিতে জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুর রব মুন্সী জেলা প্রশাসকের বরাবর স্মারকলিপি দিয়েছেন।জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে বলেন, দলীয় অনেক নেতা-কর্মী তাঁর কাছে অভিযোগ করেছেন, তাঁরা সিভিল সার্জনকে টাকা দিয়েও চাকরি পাননি। এ বিষয়ে তিনি প্রতিবাদ করেছিলেন। আত্মীয়ের চাকরির জন্য সুপারিশ তিনি করেননি। সিভিল সার্জন মো. গোলাম সারোয়ার দাবি করেন, তিনি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সম্পর্কে এ ধরনের কোনো মন্তব্য করেননি। নিয়োগ বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী নিয়োগ-প্রক্রিয়া শেষ করা হয়েছে। নিয়োগবঞ্চিতরা এখন অনেক মন্তব্য করতে পারে। তিনি কিংবা তাঁর কার্যালয়ের কেউ নিয়োগ-প্রক্রিয়ায় কোনো ধরনের অর্থ লেনদেন করেননি।