নাটোর আধুনিক সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মো. আবদুুল গণি সিভিল সার্জন মো. আ. বাতেনের বিরুদ্ধে পাল্টা সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। গত ২১ অক্টোবর নাটোর সদর থানায় তিনি এই জিডি করেন। একই কারণ দেখিয়ে সিভিল সার্জন গত ১৩ অক্টোবর মো. আবদুল গণির বিরুদ্ধে সদর থানায় জিডি করেন।আরএমও মো. আবদুল গণির ডায়েরিতে উল্লেখ করা হয়, নাটোর সদর হাসপাতালের পথ্য ঠিকাদার নিয়োগের জন্য গত ৬ অক্টোবর সিভিল সার্জনের কার্যালয়ে সিভিল সার্জন মো. আ. বাতেনের সভাপতিত্বে দরপত্র মূল্যায়ন কমিটির সভা হয়। সভায় কমিটির সদস্যসচিব হিসেবে তিনি ছাড়াও উপস্থিত ছিলেন জুনিয়র কনসালটেন্ট আশুতোষ ঘোষ, মো. মাসুদুর রহমান, সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আবদুুস সাত্তার ও জেলা প্রশাসকের প্রতিনিধি নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল ইসলাম। সভায় সর্বসম্মতিক্রমে পাঁচটি দরপত্রের মধ্যে তৃতীয় সর্বোচ্চ দরদাতা চিত্তরঞ্জন সাহার দরপত্রটি গ্রহণ করা হয়।জিডিতে অভিযোগ করা হয়, পরবর্তী সময়ে সিভিল সার্জন বোর্ডের সিদ্ধান্ত উপেক্ষা করে চতুর্থ সর্বোচ্চ দরদাতা রকিবুল ইসলামকে কাজ দেওয়ার চেষ্টা করেন। কিন্তু বোর্ড সদস্যদের দৃঢ়তায় এই চেষ্টায় ব্যর্থ হয়ে তিনি (সিভিল সার্জন) তাঁর (আবদুল গণি) বিরুদ্ধে থানায় জিডি করেন এবং সংবাদমাধ্যমের কাছে অসত্য তথ্য তুলে ধরেন। এতে তাঁর ব্যক্তিগত, সামাজিক ও পেশাগত নিরাপত্তা হুমকি ও ক্ষতির মুখে পড়েছে।মো. আবদুল গণি সিভিল সার্জনের বিরুদ্ধে জিডি করার বিষয়টি স্বীকার করে বলেন, ‘দরপত্র মূল্যায়ন কমিটির সদস্যদের সিদ্ধান্ত উপেক্ষা করে পছন্দের কাউকে কাজ পাইয়ে দেওয়ার জন্য সিভিল সার্জন আমার বিরুদ্ধে জিডি করেছিলেন। তিনি আমার বিরুদ্ধে গণমাধ্যমে মিথ্যা তথ্য দিয়েছেন।’দরপত্র কমিটির সদস্য সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবদুস সাত্তার বলেন, ‘আমি সিভিল সার্জন ও আরএমওর জিডি সম্পর্কে কিছু জানি না। তবে গত ৬ অক্টোবর দরপত্র মূল্যায়ন কমিটির তৃতীয় সর্বোচ্চ দরদাতাকে কার্যাদেশ দেওয়া সঠিক ছিল।’ অপর সদস্য মো. মাসুদুর রহমান বলেন, ‘কোনো জিডি সম্পর্কে আমি মন্তব্য করতে পারছি না। তবে চিত্তরঞ্জন সাহাকে কার্যাদেশ দেওয়া সঠিক ছিল। কাগজপত্রের কিছুটা ঘাটতি থাকলেও সর্বসম্মতিক্রমে তাঁকে কাজ দেওয়া হয়েছে। এ ক্ষেত্রে আরএমও কোনো প্রভাব খাটাননি।’ তবে সিভিল সার্জন ৬ অক্টোবরের সভার কার্যবিবরণিতে তাৎক্ষণিক সবার স্বাক্ষর নিলে পরে এসব জটিলতা হতো না।সিভিল সার্জন মো. আবদুুল বাতেন বলেন, ‘আরএমও বা অন্য কারও সঙ্গে আমার কোনো বিরোধ নেই। কমিটির সভাপতি হিসেবে নিয়মমাফিক দরপত্র চূড়ান্ত করতে চেয়েছিলাম। এতে কিছুটা অসুবিধায় পড়ায় জিডি করেছিলাম। পরে কমিটির সবাই যে সিদ্ধান্ত নিয়েছেন, তাতে আমি সম্মতি দিয়েছি। আমার বিরুদ্ধে আরএমও যে জিডি করেছেন, সে ব্যাপারে কিছু জানি না।’ পছন্দের ঠিকাদারকে কাজ পাইয়ে দেওয়ার চেষ্টার অভিযোগ সম্পর্কে তিনি বলেন, ‘আমার পছন্দের কোনো ঠিকাদার নেই। এ অভিযোগ সঠিক নয়। তবে পুলিশ তদন্ত করে দেখতে পারে কোন অভিযোগ সঠিক।’