সিভিল সার্জনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ
নীলফামারীতে মুক্তিযোদ্ধা কোটায় স্বাস্থ্য বিভাগে লোক নিয়োগে সিভিল সার্জনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করেছেন মুক্তিযোদ্ধারা। ওই নিয়োগ বাতিল, সিভিল সার্জনের অপসারণ ও গ্রেপ্তারের দাবিতে গতকাল সোমবার দুপুরে বিক্ষোভ সমাবেশ করে জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি দেওয়া হয়।জেলা মুক্তিযোদ্ধা কার্যালয় থেকে মুক্তিযোদ্ধাদের মিছিলটি শহর প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সমাবেশে মিলিত হয়। এতে বক্তব্য দেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার জয়নাল আবেদীন, ডেপুটি কমান্ডার অমরেন্দ্র ঘোষ, উপজেলা কমান্ডার সহিদুল ইসলাম, আবদুল জলিল প্রমুখ। অমরেন্দ্র ঘোষ বলেন, সিভিল সার্জন ঘুষ নিয়ে প্রকৃত মুক্তিযোদ্ধাদের বাদ দিয়ে অমুক্তিযোদ্ধার সন্তানদের চাকরি দিয়েছেন।অভিযোগকারীদের একজন মুক্তিযোদ্ধা অমূল্য রতন জানান, তাঁর ছেলে এমএলএসএস পদে আবেদন করেছিলেন। তাঁর নামও জেলা মুক্তিযোদ্ধা সংসদ থেকে দেওয়া হয়েছিল। কিন্তু সিভিল সার্জনের চাহিদামতো টাকা দিতে না পারায় তাঁর চাকরি হয়নি।অভিযোগ অস্বীকার করে সিভিল সার্জন আবদুর রশিদ আকন্দ প্রথম আলোকে জানান, এসব অভিযোগ ভিত্তিহীন। নীতিমালা অনুযায়ী শতভাগ স্বচ্ছতার সঙ্গে নিয়োগ-প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। মুক্তিযোদ্ধা অফিস থেকে কোনো তালিকা নেওয়া হয়নি বলে দাবি করেন তিনি।