সিভিল সার্জনের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্যের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলা সিভিল সার্জনের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্যের মাধ্যমে দুই কোটি টাকা আয় করার অভিযোগ পাওয়া গেছে। গত বুধবার চরফ্যাশন প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেছেন আওয়ামী লীগের নেতারা। একই সঙ্গে চাকরি না পাওয়া প্রার্থীরা ওই দিন তাঁর পৈতৃক বাড়ি ভাঙচুর করেছেন।চাকরিবঞ্চিত প্রার্থীরা গতকাল বৃহস্পতিবার সিভিল সার্জনকে অপসারণ, দুর্নীতির তদন্ত ও পুনরায় পরীক্ষা নিয়ে মেধাবীদের চাকরি দেওয়ার দাবিতে গতকাল বৃহস্পতিবার ভোলা সদরে বিক্ষোভ করেছেন। এসব দাবিতে তাঁরা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইসমাইল হোসাইনের মাধ্যমে স্বাস্থ্যমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করেছেন। সিভিল সার্জন তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন।সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, সম্প্রতি ভোলা সিভিল সার্জন কার্যালয়ের অধীনে তৃতীয়-চতুর্থ শ্রেণীর পদে ৬৫ জন লোক নিয়োগ হয়েছে। বুধবার বেলা ১১টার সময় ওই নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়।বুধবার রাতে চরফ্যাশন প্রেসক্লাবে আওয়ামী লীগের নেতারা এক সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, সিভিল সার্জন শাহ আলম শরীফ লোক নিয়োগে দুই কোটি টাকার বেশি বাণিজ্য করেছেন। তিনি একটি পদে চাকরির জন্য সাড়ে তিন লাখ টাকা থেকে পাঁচ লাখ টাকা গ্রহণ করেছেন। যাঁরা দুই লাখ টাকা দিয়েছেন ও পরীক্ষায় ভালো করেছেন তাঁদের চাকরি হয়নি।গতকাল বেলা ১২টার দিকে বিক্ষুব্ধ চাকরিপ্রার্থীরা ভোলা শহরের যুগীরঘোলায় সিভিল সার্জনের কার্যালয় ঘেরাও করেন। পরে পুলিশ বাধা দেওয়ায় তাঁরা শহরে ফিরে যান।সিভিল সার্জন শাহ আলম শরীফ বলেন, ৬৫টি পদের জন্য সাড়ে তিন হাজার লোক পরীক্ষা দিয়েছে। যারা উত্তীর্ণ হয়েছে তাদেরই চাকরি হয়েছে। এখানে কোনো দুর্নীতির আশ্রয় নেওয়া হয়নি।