সিভিল সার্জনের বিরুদ্ধে মামলা পাল্টা মামলায় বাদী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিয়মনীতির তোয়াক্কা না করে পছন্দের লোককে দুটি হাসপাতালের মালামাল সরবরাহের জন্য কার্যাদেশ দেওয়ার অভিযোগে সিরাজগঞ্জের সিভিল সার্জন এবং দরপত্র মূল্যায়ন কমিটির কয়েকজন সদস্যসহ ১১ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

গত ৩১ অক্টোবর মো. নূরুল ইসলাম বাদী হয়ে সিরাজগঞ্জ জ্যেষ্ঠ সহকারী জজ আদালতে (সদর) মামলাটি করেন। আদালত মামলাটি আমলে নিয়ে তিন দিনের মধ্যে উপযুক্ত কারণ দর্শানোর জন্য সিভিল সার্জনকে আদেশ দেন। ওই দিন আদালতের নোটিশ পাওয়ার পরপরই সিভিল সার্জন মামলার বাদী নূরুল ইসলামের বিরুদ্ধে সদর থানায় পাল্টা মামলা করেন। পুলিশ তাঁকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে।

মামলার আরজি ও সিভিল সার্জন কার্যালয় থেকে জানা গেছে, সিভিল সার্জন মাইন উদ্দিন মিঞা ২০১৩-২০১৪ অর্থবছরে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল ও খোকশাবাড়ী পল্লী স্বাস্থ্যকেন্দ্রের রোগীদের পথ্য সরবরাহ, কাপড় ধোলাই এবং স্টেশনারি সামগ্রী সরবরাহ করার জন্য গত ৮ সেপ্টেম্বর দরপত্র আহ্বান করেন।

দরপত্রে নীতিমালা পিপিআর অ্যাক্ট, ২০০৬ ও পিপিআর রুল, ২০০৮ অনুযায়ী, পণ্যের দাম অবশ্যই বাজারমূল্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে মর্মে শর্তারোপ করা হয়। বিধিমালা অনুযায়ী, কোনো অবস্থাতেই মূল্যায়ন কমিটির সভাপতি ও অনুমোদনকারী একই ব্যক্তি হতে পারবেন না। কিন্তু সিভিল সার্জন অনুমোদনকারী কর্মকর্তা হয়ে নিজেই দরপত্রের মূল্যায়ন কমিটির সভাপতি নিযুক্ত হন। এ ছাড়া জেলা প্রশাসকের একজন প্রতিনিধিকে এই কমিটির সদস্য অন্তর্ভুক্ত করার নিয়ম থাকলেও সিভিল সার্জন সেটি না করে পছন্দের লোককে দরপত্র মূল্যায়ন কমিটির সদস্য করেন। মোট ১১টি প্রতিষ্ঠান ১৩ প্রকারের কাপড় ধোলাই, ৩০ প্রকারের পণ্যসামগ্রী এবং ৮৮ প্রকারের স্টেশনারি সামগ্রী সরবরাহের জন্য দরপত্র দাখিল করে।

বাজারদর কমিটির যাচাই করা দরের সঙ্গে সংগতি রেখে মামলার বাদী নূরুল ইসলাম দরপত্র দাখিল করেন। কিন্তু সিভিল সার্জন তাঁর দরপত্র আমলে না নিয়ে নিয়মনীতি ভঙ্গ করে বাজারদরের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ দর দাখিল করা মেসার্স অনামিকা এন্টারপ্রাইজ নামের ঠিকাদারি প্রতিষ্ঠানকে ২৯ অক্টোবর কার্যাদেশ দেন। ৩১ অক্টোবর নূরুল ইসলাম বাদী হয়ে এর বিরুদ্ধে আদালতে মামলা করেন। আদালত সিভিল সার্জনকে কারণ দর্শানোর নোটিশ দেন। ওই দিন আদালতের আদেশ সিভিল সার্জনের কার্যালয়ে পৌঁছলে সিভিল সার্জন দরপত্রের কাগজপত্র ছিনতাই ও ভয়ভীতি দেখানোসহ বিভিন্ন অভিযোগ এনে নূরুল ইসলাম ও তাঁর ভাই লিটন শেখের বিরুদ্ধে নিজেই বাদী হয়ে সিরাজগঞ্জ সদর থানায় মামলা করেন। পরের দিন ১ নভেম্বর সকালে পুলিশ নূরুল ইসলামকে সদর হাসপাতাল চত্বর থেকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।

গ্রেপ্তার হওয়ার আগে নূরুল ইসলাম বলেন, সব শর্ত মেনে তিনি দরপত্র দাখিল করেন। প্রথম পর্যায়ে গঠিত দরপত্র মূল্যায়ন কমিটির জেলা প্রশাসকের মনোনীত সদস্য তানভীর রহমান বাজারদরের সঙ্গে অনামিকা এন্টারপ্রাইজের দাখিল করা দরের অসামঞ্জস্য থাকায় তিনি সমঞ্চতি প্রদান করতে বিরত থাকেন। পরবর্তীকালে সিভিল সার্জন জেলা প্রশাসনের ওই সদস্যকে বাদ দিয়ে নিয়মবহির্ভূতভাবে গণপূর্ত বিভাগের একজন কর্মকর্তাসহ তাঁর পছন্দের কয়েকজন চিকিৎসককে মূল্যায়ন কমিটির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করে অনামিকা এন্টারপ্রাইজকেই কার্যাদেশ দেন।

জানতে চাইলে দরপত্র মূল্যায়ন কমিটির সদস্য থাকা জেলা প্রশাসকের প্রতিনিধি নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর রহমান বলেন, ‘যতটুকু পারি স্বচ্ছতার সাথে কাজ করার চেষ্টা করেছিলাম। এ বিষয়ে আর কিছুু বলতে চাচ্ছি না।’

সিভিল সার্জন বলেন, পরিপত্রে যা-ই থাকুক না কেন, এর আগেও সিভিল সার্জন দরপত্র কমিটির সভাপতি থেকেছেন। এবারও তাই করা হয়েছে। দুই দফায় জেলা প্রশাসকের প্রতিনিধি অনুপস্থিত থাকায় পরবর্তীকালে তাঁকে বাদ দিয়ে দরপত্র মূল্যায়ন কমিটি পুনর্গঠন করা হয়। নূরুল ইসলাম কাজ পাওয়ার জন্য তাঁকে নানাভাবে হুমকি-ধমকি দিচ্ছিলেন। এ কারণে তাঁর বিরুদ্ধে মামলা করা হয়েছে।