সিম কার্ডের কর প্রত্যাহারের সুপারিশ
মুঠোফোনের সিম কার্ডের ওপর থেকে ৮০০ টাকা করের পুরোটাই প্রত্যাহারের প্রস্তাব করেছে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি। হ্যান্ডসেটের ওপর প্রচলিত দুই ধরনের ট্যাক্স কাঠামো ভেঙে সেট প্রতি গড়ে ১০০ টাকা কর নির্ধারণ ও টেলিযোগাযোগ সরঞ্জামের ওপর থেকে শুল্ক কমানোরও সুপারিশ করেছে কমিটি। গতকাল বুধবার জাতীয় সংসদে অনুষ্ঠিত কমিটির ১১তম বৈঠক শেষে এসব সুপারিশের কথা জানান কমিটির সভাপতি হাসানুল হক ইনু। তিনি বলেন, সারা দেশের মানুষকে টেলিযোগাযোগের আওতায় আনার জন্য এসব সুপারিশ করা হয়েছে। ইনু আরও বলেন, দেশের টেলিযোগাযোগ খাতে শুল্কের হার অনেক বেশি, কিন্তু কলরেট বিশ্বের সর্বনিম্ন। এ কর ও শুল্ক কাঠামো ব্যবসাবান্ধব নয়। এ ছাড়া ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়ন করতে ব্যয়বহুল অপটিক্যাল ফাইবারের উচ্চ শুল্ক হারও কমানোর প্রস্তাব করেছে কমিটি। বৈঠকে কমিটির সদস্য হুইপ আ স ম ফিরোজ, মো. আবদুুল কুদ্দুস, মো. নজরুল ইসলাম, খালিদ মাহমুদ চৌধুরী, মোয়াজ্জেম হোসেন ও গোলাম মোস্তফা অংশ নেন।