সিম কেনায় জাতীয় পরিচয়পত্র ব্যবহারের বিকল্প রাখার নির্দেশ
মুঠোফোনের নতুন সংযোগ-প্রত্যাশীদের (সিম কার্ড কেনা) ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্রের অনুলিপি দাখিলের বিকল্প ব্যবস্থা রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। গতকাল সোমবার বিচারপতি এম মোয়াজ্জাম হোসেন ও বিচারপতি মো. হাবিবুল গনির সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে অন্তর্বর্তীকালীন এ নির্দেশ দেন।একই সঙ্গে সিম কার্ড কেনায় জাতীয় পরিচয়পত্রের অনুলিপি দাখিল করার বাধ্যবাধকতা সংশোধনে নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে। টেলিযোগাযোগসচিব ও বিটিআরসির চেয়ারম্যানকে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।শিক্ষানবিশ আইনজীবী মোমিনুল ইসলাম চৌধুরী আবেদনকারী হয়ে গত রোববার রিট আবেদনটি করেন। গতকাল রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী অনীক আর হক। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল সমরেন্দ্রনাথ বিশ্বাস।পরে অনীক আর হক প্রথম আলোকে বলেন, সবাই এখনো জাতীয় পরিচয়পত্রের আওতায় আসেনি। এমনকি জাতীয় পরিচয়পত্র নিবন্ধন আইন-২০১০-এর ধারা ১১ অনুসারে যতক্ষণ পর্যন্ত সরকার গেজেট না দেবে, ততক্ষণ পর্যন্ত পরিচয়পত্রের ব্যবহার বাধ্যতামূলক করা যাবে না। কিন্তু ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় গত ১২ এপ্রিল পরিচয়পত্রের ব্যবহার বাধ্যতামূলক ঘোষণা করে। এর আওতায় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ১৪ আগস্ট, ২৭ সেপ্টেম্বর এবং ৪ অক্টোবর এ বিষয়ে বিজ্ঞপ্তি দেয়। এর বৈধতা চ্যালেঞ্জ করে রিটটি করা হয়। সিম কার্ড ক্রয়ে বিকল্প রাখার নির্দেশের পাশাপাশি আদালত রুলও জারি করেছেন।