সিম জালিয়াতি চক্রের তিন সদস্য গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীতে মুঠোফোনের সিম জালিয়াতি চক্রের তিন সদস্যকে গতকাল মঙ্গলবার সকালে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাঁরা হলেন মোমেন খান, সাইফুল ইসলাম ও মলয় কুমার সরদার।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন বলেন, দীর্ঘদিন থেকে চক্রটি বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধন করার সময় গ্রাহকের আঙুলের ছাপ একাধিকবার রেখে পরে ওই আঙুলের ছাপে একাধিক সিম নিবন্ধন করে বাইরে বিক্রি করে আসছিলেন।
আটক সাইফুল ও মলয় পৃথক দুটি মুঠোফোন প্রতিষ্ঠানের সিম নিবন্ধন করে আসছিলেন। আর জালিয়াতির মাধ্যমে নিবন্ধন করা সিম মোমেন খানের মাধ্যমে বিক্রি করতেন।
চক্রটির জালিয়াতির খবর পেয়ে গতকাল ভোররাতে জেলার গলাচিপা উপজেলার উলানিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে চক্রের প্রধান মোমেন খানকে আটক করা হয়।
পরে তাঁর কাছ থেকে তথ্য নিয়ে সকালে পটুয়াখালী শহরের মহিলা কলেজ সড়কের একটি মেস থেকে সাইফুল ইসলাম ও মলয় কুমার সরদারকে আটক করা হয়। এ সময় মলয় কুমারের কাছ থেকে মুঠোফোনের পাঁচটি সিম উদ্ধার করা হয়।
এ ঘটনায় ডিবি পুলিশ বাদী হয়ে সদর থানায় একটি মামলা দায়ের করেছে। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে গতকাল পটুয়াখালী আমলি আদালতে হাজির করা হলে বিচারক এস এম তারেক খান তাঁদের কারাগারে পাঠান।