সিম নিবন্ধন ও যাচাই রোববার থেকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী রোববার থেকে মুঠোফোনের গ্রাহকদের নিবন্ধন ও যাচাই শুরু করা হবে। আগামী তিন মাস এ প্রক্রিয়া চলবে। আজ বুধবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় এসব কথা জানিয়েছেন ডাক, তার ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।
প্রতিমন্ত্রী বলেন, ‘সঠিক প্রক্রিয়ায় যারা সিম নিবন্ধন করেছেন তাঁরা ভেরিফিকেশন (যাচাই) করবেন। আমরা সেটা নিবন্ধন রেকর্ডের সঙ্গে মিলিয়ে নেব। যদি দেখা যায় সঠিকভাবে নিবন্ধন করা হয়েছে তাহলে সেগুলো আর নিবন্ধন করা লাগবে না। যাদের সিম সঠিকভাবে নিবন্ধন করা হয়নি তাদের পুনঃনিবন্ধন করতে হবে।
তারানা হালিম বলেন, সঠিকভাবে নিবন্ধন না থাকলে তিন মাস পর সিমগুলো সাময়িক স্থগিত রাখা হবে। তবে পরে নিবন্ধনের মাধ্যমে আবারও তা চালু করা যাবে। সিম নিবন্ধনের প্রক্রিয়া সম্পর্কে রোববারই জানানো হবে বলেও জানান প্রতিমন্ত্রী।
গত রোববার টেলিযোগাযোগ প্রতিমন্ত্রীর সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার কর্মকর্তাদের বৈঠকে সিম নিবন্ধনের এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরদিনই সোমবার বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান সুনীল কান্তি বোস প্রথম আলোকে বলেন, সিম নিবন্ধন একটি চলমান-প্রক্রিয়া। তাই যেসব গ্রাহকের নিবন্ধন নেই বা নিবন্ধনের ক্ষেত্রে সমস্যা রয়েছে, তাঁদের আবার নিবন্ধন করতে হবে। সবাইকে নয়।
গতকাল প্রতিমন্ত্রী বলেন, বিটিআরসির চেয়ারম্যান নিজেও রোববারের বৈঠকে ছিলেন এবং সিদ্ধান্তটি তাঁর সামনেই হয়েছে। এখন এ নিয়ে ভিন্ন ব্যাখ্যার কিছু নেই। সব সিম কার্ড নতুন করে নিবন্ধনের বিষয়ে তিনি বলেন, অনেক গ্রাহক আগেই নিবন্ধন করেছেন। কিন্তু বাস্তবতা হলো সেসব নিবন্ধনের তথ্য যাচাই করা হয়নি। তাই সবাইকে নতুন করে নিবন্ধন করতে হবে। নতুন করে নিবন্ধন ও যাচাইয়ের মাধ্যমে তথ্য যদি সংরক্ষণ না করা হয়, তাহলে কোনটি সঠিক নিবন্ধন আর কোনটি ভুল, তা নিয়ে পুরোনো জটিলতা থেকেই যাবে।
তারানা হালিম বলেন, ‘আমরা চাই, এবারের নিবন্ধন-প্রক্রিয়ার মাধ্যমে নিবন্ধন-সম্পর্কিত জটিলতা যেন আর না থাকে।’ গ্রাহকদের দেওয়া তথ্য জাতীয় পরিচয়পত্রের সঙ্গে মিলিয়ে দেখার জন্য জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সার্ভারে মুঠোফোন অপারেটরদের প্রবেশের সুযোগ দিতে নির্বাচন কমিশনের সঙ্গে চুক্তি করা হবে বলে জানান তিনি।
প্রতিমন্ত্রী জানান, সব সিম কার্ড নতুন করে নিবন্ধনের জন্য বিটিআরসিকে নির্দেশনা দেওয়া চিঠি সোমবার বিকেলে সংসদ অধিবেশনে যোগ দেওয়ার আগে সই করেছেন তিনি। মঙ্গলবার বিটিআরসিকে ওই চিঠি পাঠানো হয়েছে।