সিম নিবন্ধনে টাকা নিলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী
আঙুলের ছাপ (বায়োমেট্রিকস পদ্ধতি) দিয়ে মুঠোফোনের সিম নিবন্ধন বা পুনর্নিবন্ধনের সময় গ্রাহকের কাছ থেকে টাকা আদায় করলে সংশ্লিষ্ট রিটেইলারকে (খুচরা বিক্রেতা) কালো তালিকাভুক্ত করে তার সিম বিক্রির অনুমোদন বাতিল করা হবে। এই হুঁশিয়ারি দিয়ে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম মুঠোফোন অপারেটরদের এ বিষয়ে দ্রুততার সঙ্গে উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন।
গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে মোবাইল ফোন অপারেটরদের প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রতিনিধিদের সঙ্গে এক বৈঠক শেষে প্রতিমন্ত্রী এ সিদ্ধান্তের কথা জানান। বৈঠক শেষে এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, মুঠোফোন অপারেটরদের কলড্রপের ক্ষতিপূরণের তথ্য এসএমএস করে গ্রাহকদের দিতে হবে।
প্রতিমন্ত্রী বলেন, তাঁর ফেসবুক পেজে অনেকে অভিযোগ করেছেন, সিম নিবন্ধনের জন্য গ্রাহকের কাছ থেকে টাকা আদায় করা হচ্ছে। এখানে বাড়তি টাকা নেওয়ার সুযোগ নেই।
অপারেটরদের সংগঠন অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস বাংলাদেশের (অ্যামটব) মহাসচিব টি আই এম নুরুল কবির বলেন, টাকা নিলে রিটেইলারদের কালো তালিকাভুক্ত করে তাদের অনুমোদন বাতিল করার সিদ্ধান্তে অপারেটররা একমত হয়েছে।
বৈঠকে টেলিযোগাযোগসচিব ফয়জুর রহমান চৌধুরী, বিটিআরসির চেয়ারম্যান শাহজাহান মাহমুদ, রবির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সুপুন বীরাসিংহে, এয়ারটেলের প্রধান নির্বাহী কর্মকর্তা পিডি শর্মা, টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক গিয়াসউদ্দিন আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।