
প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগপ্রযুক্তি-বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় গতকাল বুধবার সচিবালয়ে ডাক ও টেলিযোগাযোগ বিভাগে মুঠোফোন সিম নিবন্ধনে পরীক্ষামূলক বায়োমেট্রিক (আঙুলের ছাপ গ্রহণ) পদ্ধতির উদ্বোধন করেছেন। প্রথম গ্রাহক হিসেবে তিনি বায়োমেট্রিক-পদ্ধতিতে রাষ্ট্রীয় মালিকানাধীন মুঠোফোন অপারেটর টেলিটকে সিম নিবন্ধনের মাধ্যমে এ পদ্ধতির উদ্বোধন করেন। খবর বাসসের।
ডাক ও টেলিযোগাযোগ সচিব ফয়জুর রহমান চৌধুরী এবং টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক গিয়াসউদ্দিন আহমদ প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগপ্রযুক্তি-বিষয়ক উপদেষ্টার কাছে সিম হস্তান্তর করেন।
এ সময় সজীব ওয়াজেদ বলেন, মুঠোফোন সিম নিবন্ধনে বায়োমেট্রিক পদ্ধতি গ্রহণে বিশ্বে বাংলাদেশ দ্বিতীয়। এ কারণে তিনি গৌরববোধ করছেন। তিনি বলেন, ‘ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের মাধ্যমে জনগণের জন্য কিছু একটা করার স্বপ্ন ও বাসনা আমার রয়েছে। আমি কেবল উপদেশ দিই, আপনারা সেটি বাস্তবায়ন করেন, এতে কৃতিত্ব আপনাদেরই।’
ডাক ও টেলিযোগাযোগ বিভাগের প্রতিমন্ত্রী তারানা হালিম বলেন, এই প্রক্রিয়ায় আনুষ্ঠানিক নিবন্ধন শুরু হবে আগামী ১৬ ডিসেম্বর। সব মুঠোফোন কোম্পানি নিজ নিজ বিক্রয়কেন্দ্রে এ পদ্ধতি চালু করবে।
আঙুলের ছাপপদ্ধতির পরীক্ষামূলক উদ্বোধনের পর সজীব ওয়াজেদ এই প্রকল্প বাস্তবায়ন নিয়ে এক বৈঠকে অংশ নেন।