সিম নিবন্ধনের সময় এক মাস বাড়ল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আঙুলের ছাপ (বায়োমেট্রিক) পদ্ধতিতে চলমান সিম নিবন্ধন কার্যক্রম ৩১ মে পর্যন্ত বাড়িয়েছে সরকার। এই সময়ের মধ্যে সিম নিবন্ধন না করলে তা আগামী ১ জুন থেকে বন্ধ করে দেওয়া হবে।
সিম নিবন্ধন কার্যক্রম নিয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) সম্মেলনকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে গতকাল শনিবার এসব তথ্য জানান ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। এ সময় বিটিআরসির চেয়ারম্যান শাহজাহান মাহমুদ, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অতিরিক্ত সচিব শওকত মোস্তফাসহ কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
তারানা হালিম বলেন, ৩১ মে রাত ১২টার পর সব অনিবন্ধিত সিম সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যাবে। তবে এখনো যাঁরা সিম নিবন্ধন করেননি, তাঁদের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, তাঁদের পুনর্নিবন্ধনের জন্য সতর্কবার্তাও দেওয়া হবে। এ জন্য অনিবন্ধিত কিছু সিম ১ মে থেকে ৩১ মে পর্যন্ত সময়ের মধ্যে একবারের জন্য দৈবচয়ন ভিত্তিতে তিন ঘণ্টা বন্ধ রাখা হবে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, গত বছরের ১৬ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই কার্যক্রমে গতকাল পর্যন্ত ৯ কোটি সিম নিবন্ধিত হয়েছে। আর আঙুলের ছাপ না মেলায় ও ভুল তথ্য দেওয়ার কারণে ১ কোটির বেশি সিমের নিবন্ধন সফল হয়নি। দেশে বর্তমানে ১৩ কোটি ৮ লাখ সিম চালু আছে।
তারানা হালিম বলেন, যাঁরা অসুস্থ কিংবা বায়োমেট্রিক পয়েন্টে যেতে পারেন না, তাঁরা যদি জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগে (এনআইডি) নির্ধারিত নম্বরে ফোন করেন, তবে তাঁরা বাড়ি বাড়ি গিয়ে সিম পুনর্নিবন্ধন করিয়ে আনবেন। এ ক্ষেত্রে এনআইডি কর্তৃপক্ষের নির্ধারিত নম্বর জানিয়ে দেওয়া হবে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, এনআইডির বিকল্প হিসেবে অন্যান্য পরিচয়পত্র দিয়ে প্রায় দেড় লাখ সিম পুনর্নিবন্ধন করা হয়েছে। পরে তাঁদের এনআইডি জমা দিতে হবে।
১ জুন থেকে যেসব সিম বন্ধ হয়ে যাবে, সেগুলোর বিষয়ে বিটিআরসির একজন কর্মকর্তা বলেন, সেগুলো নতুন করে কিনতে হবে। কোনো প্রবাসী বাংলাদেশির ব্যবহৃত সিম বন্ধ হয়ে গেলে তা চালু করতে ১৫ মাস সময় পাবেন তিনি।
খুচরা বিক্রেতাদের বাড়তি অর্থ আদায়ের অভিযোগ: বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধনের নামে খুচরা বিক্রেতারা (রিটেইলার) টাকা নিচ্ছেন বলে অভিযোগ উঠেছে। গতকাল জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন ও ভোক্তা অভিযোগ নিষ্পত্তি উপকমিটির আয়োজনে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করা হয়।
মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের সভাপতি মহিউদ্দীন আহম্মেদ বলেন, বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধন-প্রক্রিয়ায় কোনো টাকা নেওয়ার কথা না থাকলেও খুচরা বিক্রেতারা গ্রাহকদের কাছ হতে ২০ থেকে ৫০ টাকা পর্যন্ত নিচ্ছেন। কোথাও কোথাও এর পরিমাণ ১০০ টাকা পর্যন্ত। বিভাগীয় শহরগুলোতে টাকা নেওয়ার প্রবণতা খানিকটা কম থাকলেও মফস্বল কিংবা গ্রামাঞ্চলে এই সমস্যা প্রকট।
একজনের আঙুলের ছাপ দিয়ে অন্যের অনিবন্ধিত সিম নিবন্ধনের অভিযোগ করে মহিউদ্দীন আহম্মেদ বলেন, সিম নিবন্ধন-প্রক্রিয়ায় মোবাইল ফোন অপারেটরগুলো সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে পারেনি। এ ছাড়া নিবন্ধন-প্রক্রিয়া পুরোপুরি সম্পন্ন করে হাইকোর্টের একজন অবসরপ্রাপ্ত বিচারপতি, গ্রাহক প্রতিনিধি ও বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি পর্যালোচনা কমিটি গঠনের দাবি জানানো হয়।