সিম নিবন্ধনের সময় বাড়বে কি না, চূড়ান্ত সিদ্ধান্ত শনিবার

আঙুলের ছাপ (বায়োমেট্রিক) পদ্ধতিতে সিম নিবন্ধনে সরকারের বেঁধে দেওয়া সময়সীমা শেষ হচ্ছে কাল ৩০ এপ্রিল শনিবার। এ সময়সীমা বাড়ানো হবে কি না, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তও জানা যাবে সেদিনই।
বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধনের চলমান কার্যক্রম সম্পর্কে গতকাল বৃহস্পতিবার সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। সচিবালয়ে তিনি বলেন, ‘৩০ এপ্রিল সম্পূর্ণ প্রক্রিয়াটি জানাব।’সময়সীমা বাড়ানো হবে কি না—এমন প্রশ্নে প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা চাই না কাজটি কোনোভাবে বাধাগ্রস্ত হোক। এ জন্য বারবার বলেছি, অনির্দিষ্ট সময় পর্যন্ত সুযোগ থাকবে না। অনির্দিষ্ট সময় পর্যন্ত সুযোগ রাখলে অনেক ফাঁক-ফোকর তৈরি হবে, যে কারণে তাগাদা রাখতে চাই। ৩০ এপ্রিল পর্যন্ত কতখানি এগোতে পারছি, সেই ফলাফল দেখতে চাই।’ তিনি বলেন, ২৭ এপ্রিল পর্যন্ত ৭ কোটি ৭৯ লাখ সিম বায়োমেট্রিক পদ্ধতিতে সফলভাবে নিবন্ধিত হয়েছে। এ ছাড়া গ্রাহকের আঙুলের ছাপ না মেলা বা ভুল তথ্য দেওয়ার কারণে ১ কোটি ২১ লাখ সিমের নিবন্ধন সফল হয়নি।
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, দেশে বর্তমানে চালু থাকা মোট সিমের সংখ্যা ১৩ কোটি ৮ লাখ। সে হিসাবে চালু থাকা মোট সিমের ৬০ শতাংশ ২৭ এপ্রিল পর্যন্ত সফলভাবে নিবন্ধিত হয়েছে। প্রতিমন্ত্রী বলেন, আঙুলের ছাপ না মেলায় যাঁরা সিমের নিবন্ধন করতে পারেননি, তাঁদের বিষয়ে আলাদা করে ভাবার সুযোগ আছে।
যেসব সিম ৩০ এপ্রিলের মধ্যে নিবন্ধিত হবে না, সেগুলোর বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘পয়লা মে থেকে সিমগুলো কয়েক ঘণ্টা বন্ধ থাকবে, যেন ব্যবহারকারীরা দ্রুত পুনর্নিবন্ধন করে নেন। অনিবন্ধিত সিম আগামী ১ মে তিন ঘণ্টা বন্ধ রেখে সেই বার্তা আমরা দিতে চাই।’ তিনি বলেন, ৩০ এপ্রিলের মধ্যে সিম পুনর্নিবন্ধনের গ্রাহক-সুবিধার জন্য ওইদিন রাত ১০টা পর্যন্ত সব মুঠোফোন অপারেটরের গ্রাহকসেবাকেন্দ্র, অনুমোদিত বিক্রয়কেন্দ্র এবং জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের (এনআইডি) কার্যালয় খোলা থাকবে।
এদিকে সিম নিবন্ধনের সময়সীমা বাড়ানোর আবেদন করে ইতিমধ্যে বিটিআরসিকে চিঠি দিয়েছে মুঠোফোন অপারেটর গ্রামীণফোন ও বাংলালিংক। গ্রামীণফোন আগামী ৩০ জুন পর্যন্ত দুই মাস এবং বাংলালিংক ৩১ মে পর্যন্ত এক মাস সময় বাড়ানোর আবেদন করেছে।
বিটিআরসির তথ্য অনুযায়ী, ২৪ এপ্রিল পর্যন্ত মোট ৭ কোটি ৩৩ লাখ সিম সফলভাবে নিবন্ধিত হয়েছে। এর আগে ১৭ এপ্রিল পর্যন্ত সফলভাবে নিবন্ধিত সিমের সংখ্যা ছিল ৬ কোটি ৩৪ লাখ। অর্থাৎ এক সপ্তাহে সিম নিবন্ধিত হয়েছে এক কোটি।