সিম বন্ধের নেতিবাচক প্রভাব পড়বে না: তারানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারের হিসাবে আঙুলের ছাপ (বায়োমেট্রিক) পদ্ধতিতে চলমান সিম নিবন্ধন কার্যক্রমে গত শনিবার পর্যন্ত পুনর্নিবন্ধিত হয়েছে ১০ কোটি ৯ লাখ সিম। নিবন্ধিত এই সিমের সংখ্যা বর্তমানে চালু থাকা মোট ১৩ কোটি ১৯ লাখ সিমের ৭৬ শতাংশ।
আগামী দুই দিনে এ সংখ্যা কিছুটা বাড়লেও প্রায় ২০ শতাংশ সিম অনিবন্ধিত থেকে যাবে। অনিবন্ধিত এসব সিম বন্ধ হয়ে গেলে তা টেলিযোগাযোগ খাতের প্রবৃদ্ধিতে নেতিবাচক প্রভাব ফেলবে না বলে দাবি করেছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। সচিবালয়ে গতকাল রোববার সিম নিবন্ধন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সংবাদ সম্মেলনে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি), নির্বাচন কমিশনের অধীন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ (এনআইডি), মুঠোফোন অপারেটরদের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। গত বছরের ১৬ ডিসেম্বর শুরু হওয়া এ সিম নিবন্ধন কার্যক্রম শেষ হচ্ছে ৩১ মে।
তারানা হালিম বলেন, ‘আমরা যখন এ প্রক্রিয়া শুরু করি, তখনই জানতাম কিছু সিম বন্ধ হয়ে যাবে। কিন্তু এখন পর্যন্ত যত সিম নিবন্ধিত হয়েছে, তাতে আমরা সন্তুষ্ট। আমাদের ইন্টারনেট ডেটার ব্যবহার বাড়ছে, নম্বর অপরিবর্তিত রেখে অপারেটর বদল বা এমএনপি সুবিধা চালু হবে ও ফোরজি তরঙ্গের নিলাম হবে—এভাবে ক্ষতি পুষিয়ে নেওয়া যাবে।’
গ্রামীণফোনের প্রধান করপোরেট অ্যাফেয়ার্স কর্মকর্তা মাহমুদ হোসেন প্রথম আলোকে বলেন, ‘সিম বন্ধের একটি নেতিবাচক প্রভাব অবশ্যই পড়বে। এ ছাড়া কম্পিউটারে ও ট্যাবে মডেমের মাধ্যমে যেসব ইন্টারনেট সিম ব্যবহার করা হয় সেগুলো নিবন্ধনের বিষয়ে গ্রাহকের সঙ্গে কার্যকরভাবে যোগাযোগ করা সম্ভব হয়নি। ডেটা সিমের একটি বড় অংশ এ কারণে বন্ধ হয়ে গেলে এ খাতের আয়ে বড় নেতিবাচক প্রভাব পড়বে।’
সংবাদ সম্মেলনে জানানো হয়, ৩১ মের সময়সীমা শেষ হয়ে যাওয়ার পর অনিবন্ধিত সিম বন্ধ করতে কারিগরি জটিলতার কারণে কয়েক দিন সময় লেগে যাবে। বন্ধ হয়ে যাওয়া এসব সিম দুই মাস পর ব্যবহারকারীরা বিটিআরসির নির্ধারিত নিয়ম অনুযায়ী কিনতে পারবেন।
জুনের শেষে অথবা জুলাইয়ের শুরুতে একটি জাতীয় পরিচয়পত্রের বিপরীতে কতটি সিম নিবন্ধিত হয়েছে, সেটি গ্রাহকদের জানানোর প্রক্রিয়া শুরু হবে বলে জানান তারানা হালিম। তিনি বলেন, খুদে বার্তার মাধ্যমে নিবন্ধিত সিমের সংখ্যা গ্রাহককে জানিয়ে দেওয়া হবে। কোনো গ্রাহক যদি নিবন্ধিত সিম বন্ধ করে দিতে চান, সেই সুযোগও থাকবে।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, সিম নিবন্ধনে আঙুলের ছাপ না মেলাসহ জাতীয় পরিচয়পত্র-সংক্রান্ত সমস্যার সমাধানে এনআইডির ১৬১০৩ নম্বরে ফোন দিলে সমাধান পাওয়া যাবে। সিম নিবন্ধনের শেষ দিন ৩১ মে সকাল থেকে বেলা তিনটা পর্যন্ত জ্যেষ্ঠ নাগরিকেরা অগ্রাধিকার পাবেন।
প্রতিমন্ত্রী জোর দিয়ে বলেন, জনগণের স্বার্থে সিম নিবন্ধনের সময়সীমা এক মাস বাড়ানো হয়েছিল। ৩১ মের পর সিম নিবন্ধনের সময় আর বাড়ানো হবে না।