বখাটেদের অপমান সইতে না পেরে নারায়ণগঞ্জ চারুকলা ইনস্টিটিউটের ছাত্রী সীমা বানু সিমির (২১) আত্মহত্যার ঘটনায় করা মামলায় নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে তাঁর বাবার করা আবেদন নিষ্পত্তির বিষয়ে সিদ্ধান্ত দিয়েছেন সর্বোচ্চ আদালত।
গতকাল বুধবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগ পর্যবেক্ষণসহ আসামিদের করা আপিল নিষ্পত্তি করেছেন। পর্যবেক্ষণে সিমির বাবা আলী ইমদাদের করা আপিলকে রিভিশন হিসেবে গণ্য করে নিষ্পত্তি করার নির্দেশ দেওয়া হয়েছে। বলা হয়েছে, দায়রা আদালত বা উপযুক্ত আদালতে এই আবেদনের নিষ্পত্তি হবে।
১৬ বছর আগে ২০০১ সালের ২৩ ডিসেম্বর খিলগাঁওয়ের বাসায় আত্মহত্যা করেন সিমি। ওই ঘটনায় তাঁর বাবা একটি মামলা করেন। আত্মহত্যার আগে সিমির লিখে যাওয়া চিরকুটের সূত্র ধরে খিলগাঁও থানায় আরেকটি মামলা করে পুলিশ। তদন্ত শেষে মো. মোফাজ্জল, এনায়েত করিম দোয়েল, আকিবুর রহমান খলিল, মো. রিপন, এনায়েত চৌধুরী ও খিলগাঁও থানার উপপরিদর্শক আবুল বাসারের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়। ২০০২ সালের ২৮ সেপ্টেম্বর এই মামলার রায়ে মহানগর হাকিম আদালত পাঁচ আসামিকে এক বছর করে কারাদণ্ড এবং এনায়েত চৌধুরীকে খালাস দেন।
আদেশের পর ডেপুটি অ্যাটর্নি জেনারেল খোন্দকার দিলীরুজ্জামান প্রথম আলোকে বলেন, এ মামলায় মহানগর হাকিম আদালতের রায়ে একজনকে খালাস, চারজনকে ডিএমপি অধ্যাদেশের ৭৬ ধারায় এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড এবং অপর একজনকে দণ্ডবিধির ১৬৬ ধারায় এক বছরের কারাদণ্ড দেওয়া হয়। তবে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ায় দণ্ডবিধির ৩০৬ ও ৩৪ ধারার অভিযোগ থেকে ছয় আসামিই খালাস পান। এর বিরুদ্ধে দায়রা আদালত সিমির বাবার করা আপিল ২০০৪ সালের ১৮ মার্চ শুনানির জন্য গ্রহণ করেন।
সিমির বাবা আপিল করতে পারেন না—এই যুক্তি দিয়ে শুনানি গ্রহণের আদেশ বাতিল চেয়ে আসামিরা হাইকোর্টে যান। চূড়ান্ত শুনানি শেষে ২০০৬ সালের ৭ মে হাইকোর্ট আবেদন খারিজ করেন। এই রায়ের বিরুদ্ধে আসামিপক্ষ লিভ টু আপিল করে। ২০০৮ সালের ১৫ অক্টোবর আপিল করার অনুমতি পায় আসামিপক্ষ। গতকাল আপিল বিভাগ ওই পর্যবেক্ষণসহ পাঁচ আসামির আপিল নিষ্পত্তি করেছেন।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল খোন্দকার দিলীরুজ্জামান। আসামিপক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী খন্দকার মাহবুব হোসেন, সঙ্গে ছিলেন আইনজীবী এম মাসুদ রানা। দিলীরুজ্জামান বলেন, এখন দায়রা আদালতে সিমির বাবার আপিলটি রিভিশন হিসেবে শুনানি হবে।