সিমির বাড়িতে পুলিশ, বসবে সিসি ক্যামেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সীমা বানু সিমির বাড়িতে নিরাপত্তার জন্য ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরা বসানোর উদ্যোগ নিয়েছে পুলিশ। গতকাল সকালে বাড়িটির সামনে আবারও পুলিশ মোতায়েন করা হয়েছে।খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম শেখ বলেন, বাড়িটিতে সার্বক্ষণিক পাহারার ব্যবস্থা করা হয়েছে। এ ছাড়া পুলিশ বাড়িটিতে একটি ক্লোজ সার্কিট ক্যামেরা বসাবে। এতে করে কারা সিমিদের ওপর অত্যাচার চালাচ্ছে, তা সহজেই ধরা পড়বে।সিমির বাবা মো. আলী এমদাদ বলেন, গতকাল সকালে খিলগাঁও থানার ১০-১২ জন পুলিশ সদস্য তাঁদের সঙ্গে দেখা করে সব ধরনের সহায়তার নিশ্চয়তা দিয়েছেন। সিমির মা জরিনা বেগম বলেন, বহুদিন পর গতকাল তাঁদের বাড়িতে ইট-পাথর ছোড়ার ঘটনা ঘটেনি।সিমির পরিবারের নিরাপত্তা-সংকট নিয়ে গতকাল প্রথম আলোয় ‘কী আগুনে পুড়ছে সিমির পরিবার’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। সিমি আত্মহনন মামলার আসামিরা সিমির পুরো পরিবারকে পুড়িয়ে মারার চেষ্টা করছে বলে অভিযোগ করেছে তাঁর পরিবার।নারায়ণগঞ্জ চারুকলা ইনস্টিটিউটের ছাত্রী সীমা বানু সিমি ২০০১ সালের ২৩ ডিসেম্বর আত্মহত্যা করেন। আত্মহত্যার আগে লিখে যাওয়া চিরকুটের সূত্র ধরে খিলগাঁ এলাকার দোয়েল, খলিল, মোফাজ্জল, রিপন, খিলগাঁও থানার উপপরিদর্শক বাশার ও তাঁদের সহযোগিতাকারী এনায়েত চৌধুরীর বিরুদ্ধে পুলিশ ও সিমির বাবা আলী এমদাদ দুটি পৃথক মামলা করেন। অভিযুক্ত ব্যক্তিদের সবাই এখন জামিনে মুক্ত।